দিনব্যাপী আয়োজনে থাকছে আবৃত্তিবিষয়ক মুক্ত আলোচনা, কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তিশিল্পীদের একক পরিবেশনা, শিশু-কিশোরদের আবৃত্তি এবং টরন্টোর বিভিন্ন আবৃত্তি দলের সম্মিলিত পরিবেশনা। এ ছাড়া টরন্টোর বাইরে এবং কানাডার বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন।
উৎসবের বিভিন্ন পর্বে সাহিত্য, আবৃত্তি, নাটক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি ও সংস্কৃতিকর্মী হাসান মাহমুদ, কবি দিলারা হাফিজ, নাট্যব্যক্তিত্ব আফরোজা বানু এবং কবি অপরাহ্ণ সুসমিতোসহ আরও অনেকে।
আয়োজকরা জানিয়েছেন, কবিতা, মানবতা, শান্তি ও সম্প্রীতির এ মিলনমেলায় সপরিবারে ও সবান্ধব সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উৎসবটি আগামী ৩ অক্টোবর দিনব্যাপী টরন্টোর Scarborough Bluffs United Church, 3739 Kingston Rd.-এ অনুষ্ঠিত হবে।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকছে আবৃত্তিবিষয়ক মুক্ত আলোচনা। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘কবিতার উন্মুক্ত আকাশ’ পর্বে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠ ও একক আবৃত্তি।
এরপর বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত থাকবে শুভেচ্ছা আলোচনা ও সম্মাননা পর্ব, শিশুদের পরিবেশনা, একক আবৃত্তি, বিভিন্ন আবৃত্তি দলের পরিবেশনা এবং আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের পরিবেশনা।
‘কবিতার সুষমায় জীবনের আহ্বান’—এই প্রত্যয়কে সামনে রেখে উৎসবের আয়োজন করছে ‘উচ্চারণ’।