নাঈম আবির দীর্ঘদিন ধরে দেশের পর্যটন, বিমান চলাচল, হোটেল-রিসোর্ট, অভিবাসন ও ভ্রমণ খাত নিয়ে সাংবাদিকতা করে আসছেন। তার প্রতিবেদনে পর্যটন শিল্পের সম্ভাবনার পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা, নীতিগত জটিলতা, যাত্রী ও পর্যটকদের বিভিন্ন সমস্যা এবং সংশ্লিষ্টদের মতামত উঠে এসেছে।
বর্তমানে স্টার নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত নাঈম আবির পর্যটন ও এভিয়েশন খাতের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিষয় নিয়েও সাংবাদিকতা করছেন। একই সঙ্গে তিনি ভ্রমণবিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নাঈম আবির বলেন, ‘পর্যটন সাংবাদিকতার মতো একটি বিশেষায়িত ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় আমাকে অনুপ্রাণিত করবে।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেওয়া ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ পর্যটন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংগঠনকে মোট ১৩টি ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ পর্যটন উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, পর্যটন নারী উদ্যোক্তা, ট্যুর গাইড, মাইস উদ্যোগ এবং সেরা পর্যটন সাংবাদিকতা।