ব্যবসায়িক সংলাপে নিউ সাউথ ওয়েলসের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বর্তমান পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন চ্যালেঞ্জ, বিনিয়োগের সুযোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বহুসাংস্কৃতিক কমিউনিটির অর্থনৈতিক অবদান নিয়ে আলোচনা হয়।
এবিবিএফের সভাপতি আবদুল খান রতন তাঁর বক্তব্যে বলেন, অস্ট্রেলিয়ার অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ী ও অভিবাসী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বহুসাংস্কৃতিক কমিউনিটির সঙ্গে প্রিমিয়ার ক্রিস মিনসের সম্পৃক্ততা, নেতৃত্ব ও সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উন্নয়নে আগামী দিনে সরকারের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রিমিয়ার ক্রিস মিনস তাঁর বক্তব্যে নিউ সাউথ ওয়েলসের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি-অস্ট্রেলীয় কমিউনিটির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটি কঠোর পরিশ্রম, মেধা, উদ্যোক্তা মনোভাব এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে সাফল্যের মাধ্যমে নিউ সাউথ ওয়েলসের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজ্যের বহুসাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করতেও বাংলাদেশি কমিউনিটির অবদান প্রশংসনীয়।
এ সময় এবিবিএফের সভাপতি আবদুল খান রতনের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান প্রিমিয়ার ক্রিস মিনস। বাংলাদেশি কমিউনিটি, ব্যবসায়ী সমাজ ও সরকারের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধিতে তাঁর নেতৃত্ব, উদ্যোগ ও দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃত্ব ও কমিউনিটির প্রতিনিধিদের একত্রিত করার জন্য এবিবিএফ এবং এর সভাপতিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাথান হ্যাগার্টি এমপি। ধন্যবাদ জ্ঞাপন করেন এবিবিএফের সাধারণ সম্পাদক এবং অস্ট্রেলিয়ান মাল্টিকালচারাল কমিউনিটি বিজনেস চেম্বারের সভাপতি ব্রায়ান লাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ডা. আয়াজ চৌধুরী, উপদেষ্টা ড. সিরাজুল হক, সভাপতি মেসবাহউদ্দিন খান, যুগ্ম সম্পাদক মো. কবির হোসেন, পরিচালক এ এস এম হোসেন, উপদেষ্টা মোহাম্মদ কামরুল আলম, উপদেষ্টা ও অস্ট্রেলিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিলের সভাপতি আলমগীর ইসলাম, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নাইম আবদুল্লাহ এবং সৈয়দ রহমান লিপুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
এ ছাড়া বিডি কমিউনিটি হাব সিডনির সহসভাপতি শফিক শেখ, সাধারণ সম্পাদক সৈয়দ রহমান মিঠু, কোষাধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেন ও যুগ্ম সম্পাদক ফয়সাল আজাদ অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশ উইমেন্স ফোরাম সিডনির আহ্বায়ক আফরোজা সাথী খান, কমিউনিটি নেতা গামা কাদিরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, এ আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী সমাজ, রাজনৈতিক নেতৃত্ব এবং বহুসাংস্কৃতিক কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার নতুন সুযোগ তৈরি হয়েছে।