জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, দেশের আন্দোলন-সংগ্রামের চিত্র আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করেও তাঁরা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের পক্ষে দাঁড়িয়েছেন। এ কারণে অনেকে গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি হয়েছেন। তাঁর দাবি, এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন।
প্রবাসীদের মর্যাদা ও অধিকার প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে তাঁদের দুর্ব্যবহারের শিকার হতে হয়। এ ধরনের আচরণ বন্ধ করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও তাঁদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হলে প্রতিবাদ জানানো হবে বলে উল্লেখ করেন।
জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের অবদান তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলনের পেছনে কোনো একক ব্যক্তি বা দলের ভূমিকা ছিল না। ছাত্র-জনতা, সাধারণ মানুষ, নির্যাতিত পরিবার এবং প্রবাসীদের সম্মিলিত অংশগ্রহণেই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। শহীদরা কোনো নির্দিষ্ট দলের নন, তাঁরা পুরো জাতির সম্পদ।
রাজনৈতিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে রাজনীতি করার সুযোগ নেই। রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার পাশাপাশি বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তরুণদের নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে শফিকুর রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশ পরিচালনায় তরুণদের সামনে এগিয়ে দিতে হবে। তাঁদের নেতৃত্বের বিকাশে সহযোগিতা করাই হবে প্রবীণদের দায়িত্ব। একই সঙ্গে দেশের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সরকার ও বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো উদ্যোগে সমর্থন দেওয়া হবে, আর ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করা হবে। দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যোগ্য ও সৎ ব্যক্তিদের মাধ্যমে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়; দেশের বিরুদ্ধে অন্যায় ও অপকর্মই তাঁদের প্রতিপক্ষ। সবাইকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। উপস্থিত ছিলেন ডা. এসএম খালিদুজ্জামান ,ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপিসহ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।