অনলাইন প্ল্যাটফর্মে চীন থেকে পণ্য সংগ্রহ
চীনের সরবরাহকারীদের সঙ্গে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে কাজ করছে ক্রস-বর্ডার বাণিজ্য প্ল্যাটফর্ম হোলসেল প্লাস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ২০১৮ সালে চীনে পড়াশোনার সময় দেশটির বাজার সম্পর্কে ধারণা নিয়ে এ ব্যবসার সূচনা করেন।
শুরুতে ঢাকার চকবাজারের ব্যবসায়ী ও অনলাইন উদ্যোক্তাদের জন্য চীন থেকে পণ্য সংগ্রহ করে সরবরাহ করতেন তিনি। তখন কার্যক্রম পরিচালিত হতো মূলত অফলাইনে। বাংলাদেশে তিন থেকে চারজন কর্মী নিয়ে চলছিল প্রতিষ্ঠানটির কাজ।
২০২০ সালে করোনাভাইরাসের মহামারির সময় চিকিৎসা ও সুরক্ষাসামগ্রীর চাহিদা বাড়লে চীন থেকে এসব পণ্য সংগ্রহ করে বাংলাদেশে সরবরাহের সুযোগ তৈরি হয়। তানভীর মাহমুদের ভাষ্য অনুযায়ী, ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেন তিনি। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে চালু করা হয় হোলসেল প্লাসের অনলাইন প্ল্যাটফর্ম।
প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে তাদের প্ল্যাটফর্মে চীনের প্রায় ১০ লাখ সরবরাহকারীর পণ্য রয়েছে এবং বাংলাদেশে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা এক লাখের বেশি। চীনে প্রায় ১০ হাজার বর্গফুটের একটি গুদাম এবং ঢাকার গ্রিন রোডে কার্যালয় রয়েছে প্রতিষ্ঠানটির। চীনের গুদামে ছয়জন এবং ঢাকার কার্যালয়ে ১৬ জন কর্মী কাজ করছেন।
চীনা যন্ত্রাংশে তৈরি হচ্ছে দেশীয় পণ্য
বাংলাদেশের অনলাইন বাজারে চীনের প্রভাব শুধু সরাসরি আমদানি করা পণ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক প্রতিষ্ঠান চীন থেকে যন্ত্রাংশ ও কাঁচামাল এনে দেশে পণ্য সংযোজন করছে। ফলে বাজারে বিক্রি হওয়া উল্লেখযোগ্যসংখ্যক পণ্যের উৎপাদনপ্রক্রিয়ার সঙ্গে চীনের সরবরাহব্যবস্থা যুক্ত রয়েছে।
দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুর তথ্য অনুযায়ী, তাদের সংগ্রহে প্রায় ২৬টি শ্রেণিতে আট হাজারের মতো পণ্য রয়েছে। এর মধ্যে ১০ থেকে ১৫ শতাংশ পণ্য সরাসরি চীনে তৈরি হয়ে বাংলাদেশে আসে। অন্যদিকে, প্রায় ৭০ শতাংশ পণ্য দেশে সংযোজন করা হয়, যার যন্ত্রাংশ ও কাঁচামালের বড় অংশ আমদানি করা হয় চীন থেকে।
চীনের গুয়াংজুর সানইউয়ানলি এলাকায় ব্যবসা করেন বাংলাদেশি উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। তাঁর মতে, একসময় চীনা পণ্যের মান নিয়ে ক্রেতাদের মধ্যে নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে সেই প্রবণতা অনেকটাই কমেছে।
তিনি বলেন, সমমানের অন্য ব্র্যান্ডের পণ্যের তুলনায় চীনা পণ্যে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত দামের পার্থক্য থাকতে পারে। এ ছাড়া সম্পূর্ণ তৈরি পণ্য আমদানির পরিবর্তে যন্ত্রাংশ এনে দেশে সংযোজন করলে করের ক্ষেত্রেও সুবিধা পাওয়া যায়। এ কারণে অনেক ব্যবসায়ী স্থানীয়ভাবে সংযোজনের দিকে ঝুঁকছেন।
ছোট ইলেকট্রনিক পণ্যে চাহিদা বেশি
আরেকটি ই-কমার্স প্ল্যাটফর্ম অথবাডটকমের তথ্য অনুযায়ী, তাদের প্ল্যাটফর্মে প্রায় ১৫ লাখ নিবন্ধিত পণ্য রয়েছে। সারাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার বিক্রেতা সেখানে পণ্য বিক্রি করেন। মোট পণ্যের আনুমানিক ২০ শতাংশ চীনা উৎসের।
এসব পণ্যের মধ্যে ৫০০ থেকে এক হাজার টাকা দামের হেডফোন, চার্জার, কেবল, ব্লুটুথ স্পিকার, ওয়্যারলেস চার্জার, ফিটব্যান্ড ও ডিজিটাল ঘড়ির মতো মোবাইল অ্যাকসেসরিজের চাহিদা তুলনামূলক বেশি।
কম দামের এসব পণ্য অনলাইনে বিক্রির জন্য সহজে সংগ্রহ করা যায় বলে ক্ষুদ্র উদ্যোক্তারাও এ বাজারে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন ধরনের পণ্য এক জায়গায় পাওয়ার সুবিধা ব্যবসায়ীদের পণ্য নির্বাচন ও বিক্রির পরিসর বাড়াচ্ছে।
সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জও রয়েছে
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবু হেনা মোস্তফা কামাল পান্নার মতে, চীনের উৎপাদন সক্ষমতা ও বিস্তৃত সরবরাহব্যবস্থা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি করছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা তুলনামূলক কম মূলধন নিয়ে পণ্য সংগ্রহ করে অনলাইনে বিক্রি করতে পারছেন।
তবে এ ব্যবসায় বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। পণ্যের মান যাচাই, আন্তর্জাতিক পরিবহন, শুল্ক ও কর পরিশোধ এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এসব ক্ষেত্রে যথাযথ ব্যবস্থাপনা না থাকলে ব্যবসায়িক ঝুঁকি বাড়তে পারে।
সব মিলিয়ে, বাংলাদেশের অনলাইন বাজারে চীনা পণ্যের বিস্তার নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসার সুযোগ তৈরি করছে। পাশাপাশি চীন থেকে যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি করে দেশে সংযোজনের প্রবণতা স্থানীয় শিল্পের বিকাশেও ভূমিকা রাখতে পারে। তবে দীর্ঘমেয়াদে এ বাজারের সুফল কাজে লাগাতে পণ্যের মান নিশ্চিত করা, সরবরাহব্যবস্থা উন্নত করা এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।