জার্মানিতে দক্ষ কর্মীদের যাওয়ার অন্যতম পথ হলো ‘অপরচুনিটি কার্ড’। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরা আগে থেকে চাকরির চুক্তি না থাকলেও চাকরি খুঁজতে জার্মানিতে যেতে পারেন।
এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২ মাস জার্মানিতে থেকে চাকরি খোঁজার সুযোগ রয়েছে। এ সময় নির্দিষ্ট শর্তে খণ্ডকালীন কাজও করা যায়। পরে পূর্ণকালীন চাকরি পেলে ওয়ার্ক পারমিটে যাওয়ার সুযোগ রয়েছে।
অপরচুনিটি কার্ডের জন্য আবেদনকারীদের পয়েন্টভিত্তিক যোগ্যতা পূরণ করতে হয়। এ ক্ষেত্রে স্বীকৃত একাডেমিক বা কারিগরি ডিগ্রি, পর্যাপ্ত অর্থের সংস্থান এবং নির্ধারিত পয়েন্ট প্রয়োজন।
পেশাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স ও ভাষাগত দক্ষতার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়।
এ ছাড়া জার্মানিতে উপযুক্ত চাকরির অফার পাওয়া উচ্চশিক্ষিত দক্ষ কর্মীরা ‘ইইউ ব্লু কার্ডের’ জন্য আবেদন করতে পারেন। তবে এর জন্য নির্ধারিত বেতনের শর্তসহ অন্যান্য যোগ্যতা পূরণ করতে হয়।
ব্লু কার্ডের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ করলে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ রয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, সাধারণভাবে ২৭ মাস পর স্থায়ী বসবাসের অনুমতির সুযোগ পাওয়া যেতে পারে। আর জার্মান ভাষায় বি-১ পর্যায়ের দক্ষতা থাকলে এই সময় কমে ২১ মাস হতে পারে।