বৈঠকটিকে ইতিহাসের অংশ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের মধ্যে প্রথমবারের মতো এমন বৈঠক আয়োজনই একটি বড় অর্জন। তিনি বলেন, ‘সেই অর্থে এবং আরও নানাভাবে আমরা সত্যিই ইতিহাস গড়ছি।’
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় উঠে আসে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকট। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সমাধানে তিন দেশের স্বার্থের মধ্যে কিছু মিল রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইরান ও ইউক্রেন সংঘাতের প্রভাবে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় সৃষ্ট সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পুতিন।
বৈঠকের শুরুতেই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি সামনে আনেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের হাতে অস্ত্রের সংখ্যা কমানো এবং এগুলোর ব্যবহারজনিত ঝুঁকি হ্রাসে কাজ করার বড় সুযোগ রয়েছে।
রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে গৃহীত যৌথ ঘোষণায় রয়েছে একটি প্রস্তাবনা ও চারটি অনুচ্ছেদ। এতে জাতিসংঘের সংস্কার, পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সম্মান প্রদর্শনের বিষয়গুলো স্থান পেয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ এখতিয়ারের মধ্যে থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প ও পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। ২০২৫ সালের আগস্টের পর এবারই প্রথম মুখোমুখি হলেন দুই নেতা। বৈঠকের শুরুতে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। জবাবে রুশ প্রেসিডেন্ট ইংরেজিতে বলেন, ‘আপনার সঙ্গে দেখা করে ভালো লাগছে।’
পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একান্ত বৈঠক করেন ট্রাম্প। শি জিনপিংয়ের উষ্ণ অভ্যর্থনা নিয়ে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই নেতার সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের।
এদিকে, বুধবার পুতিনের সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। পরদিন চীনের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করলেও শি জিনপিংয়ের সঙ্গে তাঁর কোনো একান্ত বৈঠক হয়নি।
মতপার্থক্য ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও অ্যাপেক সম্মেলনের আনুষ্ঠানিক ফটো সেশনে একসঙ্গে অংশ নেন ট্রাম্প, শি ও পুতিনসহ বিভিন্ন দেশের নেতারা। এ সময় সবার পরনে ছিল সম্মেলনের বিশেষ স্কার্ফ।