এ ধরনের প্রতারণায় সরকারি প্রতিষ্ঠানের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করাও একটি পরিচিত কৌশল। এসব সাইটে পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে শুধু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়েও ভিসা ও চাকরির নিশ্চয়তা দেওয়া হয়।
হাইকমিশন বলেছে, কোনো ব্যক্তি বা মাইগ্রেশন এজেন্ট অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিত করে দেওয়ার ক্ষমতা রাখেন না। ভিসা আবেদন যাচাই-বাছাই এবং অনুমোদন কিংবা প্রত্যাখ্যানের একমাত্র সিদ্ধান্ত নেয় দেশটির স্বরাষ্ট্র দপ্তর। ফলে কেউ ভিসার শতভাগ নিশ্চয়তা দিলে সেটিকে প্রতারণার সতর্কসংকেত হিসেবে বিবেচনা করতে হবে।
এজেন্টের সহায়তা নেওয়ার ক্ষেত্রে তাঁর নিবন্ধন যাচাই করার পরামর্শও দিয়েছে হাইকমিশন। অস্ট্রেলিয়ার অফিস অব দ্য মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটির (ওএমএআরএ) অনলাইন পোর্টালে নিবন্ধিত এজেন্টের পরিচয় ও বৈধতা যাচাই করা সম্ভব। প্রত্যেক নিবন্ধিত এজেন্টের নিজস্ব মাইগ্রেশন এজেন্ট রেজিস্ট্রেশন নম্বর বা এমএআরএন থাকে।
আবেদনকারীদের নিজেদের ভিসা আবেদনের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে হাইকমিশন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ‘ইমিঅ্যাকাউন্ট’ হচ্ছে আবেদন জমা দেওয়া এবং আবেদনসংক্রান্ত তথ্য ও সরকারি বার্তা দেখার নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম। কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করলেও আবেদনকারীকে নিজের আবেদনের তথ্য দেখার সুযোগ দিতে হবে।
এ ক্ষেত্রে আবেদনকারীর নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, নাগরিকত্ব এবং ভিসার শ্রেণি সঠিক আছে কি না, তা যাচাই করা জরুরি। বিশেষ করে বায়োমেট্রিকসের জন্য পাওয়া নির্দেশনায় উল্লেখ করা ভিসার ধরন ইমিঅ্যাকাউন্টের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। কোনো এজেন্ট আবেদনসংক্রান্ত তথ্য গোপন করলে কিংবা অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দিতে অস্বীকৃতি জানালে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন।
এ ছাড়া এজেন্টের দেওয়া ভিসা অনুমোদনপত্র দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ইমিঅ্যাকাউন্টে পাওয়া সরকারি বার্তার সঙ্গে অনুমোদনপত্রের তথ্য মিলিয়ে নিতে হবে। প্রয়োজনে অস্ট্রেলীয় সরকারের ‘ভিসা এনটাইটেলমেন্ট ভেরিফিকেশন অনলাইন’ বা ভিভো ব্যবস্থার মাধ্যমেও ভিসার বৈধতা ও শর্ত যাচাই করা যায়।
ভিসা আবেদনের আগে এজেন্টের নিবন্ধন, সেবার শর্ত এবং নির্ধারিত ফি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন। অর্থ লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। বিশেষ করে ব্যক্তিগত ব্যাংক হিসাব কিংবা সন্দেহজনক কোনো মাধ্যমে অর্থ পাঠানোর আগে ভালোভাবে যাচাই করা প্রয়োজন।
একই সঙ্গে পাসপোর্টের তথ্য, ভিসা আবেদনের নম্বর, সরকারি দপ্তরের চিঠি কিংবা আবেদনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব তথ্য ব্যবহার করে প্রতারকেরা ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের অপব্যবহার করতে পারে।
ভুয়া ভিসা কার্যক্রম কিংবা সন্দেহজনক মাইগ্রেশন এজেন্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ‘বর্ডার ওয়াচ’ ব্যবস্থা রয়েছে। প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।