ব্যাংকের তথ্য বলছে, ২০১১-১২ অর্থবছর থেকে ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ৩০০ জনকে মোট ৬ হাজার ৪৯০ কোটি ৪ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। ঋণ বিতরণে শীর্ষে রয়েছে টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া। বিপরীতে সবচেয়ে কম ঋণ পেয়েছেন বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ঝালকাঠি ও ভোলার বাসিন্দারা।
কারা পাবেন অভিবাসন ঋণ
বিদেশে চাকরি নিয়ে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। সর্বোচ্চ ঋণের পরিমাণ ৩ লাখ টাকা এবং বার্ষিক সুদের হার ৯ শতাংশ। গ্রেস পিরিয়ড শেষে মাসিক সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। সব মিলিয়ে পরিশোধের মেয়াদ সর্বোচ্চ তিন বছর।
আবেদনকারী ও জামিনদারকে সংশ্লিষ্ট শাখার আওতাধীন এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের ঋণখেলাপি হলে এ ঋণ পাওয়া যাবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
প্রথমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে বিনা মূল্যে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। পূরণ করা ফরমের সঙ্গে জমা দিতে হবে—
আবেদনকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি।
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
পাসপোর্ট ও ভিসার ফটোকপি।
বিএমইটির ছাড়পত্র বা কার্ডের ফটোকপি।
নিজের নামে সচল ব্যাংক হিসাবের তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা।
ব্যাংক হিসাবের বিবরণী।
রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে বিএমইটি কার্ড বাধ্যতামূলক নয়। একইভাবে লেবার কন্ট্রাক্ট পেপারও জমা দেওয়া বাধ্যতামূলক নয়।
ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট শাখায় অন্তত ৫০০ টাকা জমা দিয়ে একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে।
জামিনদার হতে কী যোগ্যতা লাগবে
এ ঋণের জন্য দুজন জামিনদার প্রয়োজন। তাঁদের মধ্যে একজনকে আর্থিকভাবে সচ্ছল এবং ঋণ পরিশোধে সক্ষম হতে হবে। তাঁর নিজের নামে অথবা একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে সচল ব্যাংক হিসাব থাকতে হবে।
এ জামিনদারের তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা, ব্যাংক হিসাবের বিবরণী এবং আয়ের উৎস বা পেশার প্রমাণ জমা দিতে হবে।
দ্বিতীয় জামিনদার হিসেবে আবেদনকারীর পরিবারের সদস্য অথবা নিকটাত্মীয়কে রাখা যাবে। দুজনেরই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি ছবি এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র দিতে হবে।
রি-এন্ট্রি ভিসায় বিদেশ যেতে চাইলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ এবং বিদেশে কর্মসংস্থানের তথ্যও দিতে হবে। এ ক্ষেত্রে নিয়োগপত্র, কর্মসংস্থান চুক্তি, ওয়ার্ক পারমিট, রেসিডেন্স পারমিট, বেতন স্লিপ ও বিমান টিকিটের রসিদসহ প্রাসঙ্গিক নথি জমা দেওয়া যাবে।
ঋণের জন্য অতিরিক্ত খরচ কত
শুধু সুদ নয়, ঋণ নেওয়ার ক্ষেত্রে কিছু আনুষঙ্গিক খরচও রয়েছে। ব্যাংকের নির্ধারিত নিয়ম অনুযায়ী, ঋণের বিপরীতে ০.৫০ শতাংশ প্রসেসিং ফি এবং একই হারে ডকুমেন্টেশন ফি দিতে হবে। এ দুই ফির ওপর প্রযোজ্য হবে ভ্যাট।
এ ছাড়া প্রতি লাখ টাকা ঋণের জন্য ৯০০ টাকা ঝুঁকি আচ্ছাদন স্কিমের ফি দিতে হবে। স্ট্যাম্প খরচ হিসেবে ১০ টাকা মূল্যের ১৬টি রেভিনিউ স্ট্যাম্প এবং প্রত্যেক জামিনদারের জন্য ১০০ টাকা মূল্যের তিনটি অ্যাডহেসিভ স্ট্যাম্প প্রয়োজন হবে।
ব্যাংকের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত কাগজপত্র ঠিকভাবে জমা দেওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে ঋণসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।