গবেষণায় আরও উঠে এসেছে, দেশে প্রায় ১ কোটি ৮০ লাখ তরুণ প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের চাহিদার কার্যকর সমন্বয় না থাকায় সেই প্রশিক্ষণের বড় অংশ কর্মসংস্থানে রূপ নিচ্ছে না।
ওকাপের গবেষণা ব্যবস্থাপক উর্মি জাহান মনে করেন, শুধু প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের সংখ্যা বাড়ালেই হবে না। কোন খাতে কী ধরনের দক্ষ কর্মী প্রয়োজন এবং সেই দক্ষতার বিপরীতে কোথায় চাকরির সুযোগ রয়েছে, তা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ পরিকল্পনা সাজাতে হবে।
সনদ আছে, স্বীকৃতির সংকটও রয়েছে
দক্ষতা অর্জনের পর সনদ পেলেও তার গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যায় পড়ছেন কর্মীরা। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য ও অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম জানান, প্রায় সাত লাখ প্রশিক্ষণার্থী সংস্থাটির সনদ পেয়েছেন। কিন্তু দেশের ভেতরেই এসব সনদের স্বীকৃতি এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে সেগুলোর গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও কঠিন।
এনএসডিএর অধীনে ২ হাজার ৩০০ নিবন্ধিত প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ৩৬৯টি পেশায় প্রশিক্ষণ দিচ্ছে। অথচ এসব প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে কর্তৃপক্ষের জনবল মাত্র ১৮ জন।
বিদেশের চাকরির সঙ্গে মিলছে না প্রশিক্ষণ
বিশেষজ্ঞদের মতে, বিদেশি নিয়োগদাতারা কোন ধরনের কর্মী চান, তা বিবেচনায় না নিয়েই অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে প্রশিক্ষণ শেষে বিদেশে চাহিদাসম্পন্ন পেশায় কাজ পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে না।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক রাহনুমা সালাম খান বলেন, দক্ষতা ও চাকরির চাহিদার এই ব্যবধান শুধু প্রশিক্ষণব্যবস্থার সমস্যা নয়; এর সঙ্গে সামগ্রিক শ্রম অভিবাসন ব্যবস্থাপনাও জড়িত। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের ৭০ শতাংশের বেশি নিম্নদক্ষতার পেশায় সীমাবদ্ধ রয়েছে।
বিদেশে যেতে বাড়তি খরচের চাপ
বৈধ পথে বিদেশে চাকরির সুযোগ থাকলেও অতিরিক্ত অভিবাসন ব্যয় কর্মীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সভায় ইতালির দূতাবাসের অভিবাসনবিষয়ক বিশেষজ্ঞ জিউসেপ্পে দি জিওভান্নি জানান, ২০২৫ ও ২০২৬ সালে ইতালি বাংলাদেশিদের জন্য ২০ হাজারের বেশি কাজের ভিসা দিয়েছে। একই সময়ে লিবিয়া হয়ে প্রায় ২০ হাজার বাংলাদেশির অনিয়মিত পথে ইতালিতে পৌঁছানোর তথ্যও তুলে ধরেন তিনি।
তিনি জানান, ইতালির কাজের ভিসার সরকারি ফি ৬৫ ইউরো হলেও বাংলাদেশি কর্মীদের অনেককে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ৫ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। এতে বৈধ অভিবাসনের সুযোগ থাকা সত্ত্বেও কর্মীদের বিপুল অর্থ খরচ করতে হচ্ছে।
প্রশিক্ষণব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ
এক কোটি কর্মী পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে প্রশিক্ষণব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্রশিক্ষণকেন্দ্রের পাঠ্যক্রম আধুনিক করা, হাতে-কলমে শেখার সুযোগ বাড়ানো, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ জোরদার এবং বিদেশি ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতা যাচাই ও সনদ প্রদানের ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
সাবেক বিএমইটি পরিচালক মো. নুরুল ইসলাম জানান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অংশগ্রহণ ২০০৮ সালে এক শতাংশের কম থাকলেও ২০২৫ সালে তা ২০ শতাংশ ছাড়িয়েছে। তবে এই অগ্রগতি সত্ত্বেও প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও বিদেশি শ্রমবাজারের চাহিদার যথেষ্ট সংযোগ তৈরি হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দলের প্রথম সচিব লরা কার্তানিয়া ইয়াচও জানান, ইইউ-বাংলাদেশ ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় প্রশিক্ষণে বিনিয়োগ করা হলেও তা এখনো প্রত্যাশিত কর্মসংস্থানে রূপ নেয়নি।
বিশেষজ্ঞদের মতে, শুধু কর্মী পাঠানোর সংখ্যা বাড়িয়ে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। প্রশিক্ষণের মান, আন্তর্জাতিক সনদের স্বীকৃতি, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি এবং অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় বিপুলসংখ্যক কর্মী বিদেশে গেলেও তাঁদের জন্য মানসম্মত ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন হবে।