এসবির একজন ডিআইজি জানান, কিউআর কোডভিত্তিক নিবন্ধন চালুর বিষয়ে আলোচনা চলছে। এতে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়া উদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে কর্মরত বিদেশি নাগরিকদের নিবন্ধনের আওতায় আনা জরুরি। বর্তমানে কত বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন, সে বিষয়ে হালনাগাদ তথ্য পেতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
অনুমতি ছাড়া কাজ, বাড়ছে অপরাধের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ভারত, চীন ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের কিছু নাগরিক বাংলাদেশে অবস্থান করে প্রতারণা, অনলাইন জুয়া ও সাইবার অপরাধে জড়াচ্ছেন। তাঁদের কেউ কেউ অন-অ্যারাইভাল বা পর্যটক ভিসায় এসে অনুমতি ছাড়াই কাজ করছেন। এতে কর ফাঁকি ও অর্থপাচারের ঝুঁকিও বাড়ছে।
গত ৫ সেপ্টেম্বর কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে চীন ও তাইওয়ানের নাগরিকদের পরিচালিত একটি সাইবার প্রতারণা ও অনলাইন জুয়ার চক্রের সন্ধান পায় পুলিশ। চারটি আবাসিক হোটেল ভাড়া নিয়ে সেখানে কার্যত ল্যাব স্থাপন করা হয়েছিল। অভিযান চালিয়ে চীনের ছয় নাগরিককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও স্টারলিংক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
তদন্তের পর ২৮০ বিদেশি নাগরিকের একটি তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠানো হয়। তাঁদের পাসপোর্ট ব্লক করার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বিদেশি নাগরিকের প্রকৃত সংখ্যা নিয়ে অস্পষ্টতা
বাংলাদেশে কত বিদেশি নাগরিক অবস্থান করছেন, তার নির্ভরযোগ্য হালনাগাদ পরিসংখ্যান নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে বৈধভাবে অবস্থানরত বিদেশির সংখ্যা ১ লাখ ৭ হাজার ১৬৭ জন।
এর মধ্যে ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত ভিসায় ১০ হাজার ৪৮৫, কর্মী ভিসায় ১৪ হাজার ৩৯৯, শিক্ষার্থী ভিসায় ৬ হাজার ৮২৭ এবং পর্যটক ভিসায় ৭৫ হাজার ৪৫৬ জন রয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের নাগরিক, ৩৭ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন, দেশটির নাগরিক ১১ হাজার ৪০৪ জন।
তবে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের কোনো পূর্ণাঙ্গ তালিকা নেই। ফলে দেশে মোট বিদেশির সংখ্যা চার থেকে পাঁচ লাখ বলে প্রচলিত ধারণারও নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায়নি।
পাঁচ সংস্থার বদলে এখন ইনভেস্ট বাংলাদেশ
আগে বাংলাদেশে বিদেশি নাগরিকদের কাজের অনুমতি দিত পাঁচটি পৃথক কর্তৃপক্ষ। বেসরকারি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিদেশি কোম্পানির শাখা বা লিয়াজোঁ অফিসের কর্মীদের অনুমতি দিত বিডা। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বেপজা, এনজিওতে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, অর্থনৈতিক অঞ্চলে বেজা এবং হাইটেক পার্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দিত।
সম্প্রতি বিডা, বেজা ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠন করা হয়েছে। বর্তমানে বিদেশি কর্মীদের কাজের অনুমতির ক্ষেত্রে সংস্থাটি দায়িত্ব পালন করছে।
অন্যদিকে, বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। ভিসা ও অভিবাসনসংক্রান্ত দায়িত্ব পালন করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোও ভিসা ইস্যুর সঙ্গে যুক্ত। কিন্তু এসব সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানে সমন্বয়ের ঘাটতি রয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বিডা থেকে ১৫ হাজার ৮৯৮ জন বিদেশি কর্মী নতুন অনুমতি ও নবায়ন নিয়েছেন। বেপজা থেকে অনুমতি নিয়েছেন ১ হাজার ৮০০-এর বেশি এবং বেজা থেকে ১ হাজার ৩৫০ জন। সব মিলিয়ে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা ২০ হাজার ৯৮৮ বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে। তবে এ হিসাবের সর্বশেষ হালনাগাদ নেই।
আইনের ফাঁক ও সমন্বয়হীনতার সুযোগ
বাংলাদেশে কাজ করে আয় করলে বিদেশি নাগরিকদের কাজের অনুমতি নেওয়া এবং আয়কর দেওয়া বাধ্যতামূলক। কিন্তু ভিসা নীতিমালার কিছু সীমাবদ্ধতা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে অনেকে অনুমতি ছাড়াই কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।
বিশেষ করে এ-থ্রি ভিসায় আসা বিদেশিদের কাজের অনুমতি নেওয়ার ক্ষেত্রে ২০০৬ সালের ভিসা নীতিমালায় অস্পষ্টতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে তাঁদের আয়কর ফাঁকির সুযোগ তৈরি হচ্ছে। আবার অনুমতিবিহীন বা মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানকারীরা ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে দেশ ছাড়তে পারেন। প্রদেয় করের তুলনায় জরিমানার পরিমাণ কম হওয়ায় নিয়ম মেনে চলার আগ্রহও কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুরোনো পাসপোর্টের পরিবর্তে নিজ দেশের দূতাবাস থেকে নতুন পাসপোর্ট সংগ্রহ করে আবার বাংলাদেশে প্রবেশের সুযোগ নেওয়ার অভিযোগও রয়েছে। এতে কালো তালিকাভুক্ত ব্যক্তিদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
নিবন্ধনকে ইতিবাচক উদ্যোগ বলছেন বিশেষজ্ঞরা
এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি কামরুল আহসান জানিয়েছেন, বিদেশি কর্মীদের নিয়োগ ও অনুমোদনসংক্রান্ত বিধিবিধানের কিছু ঘাটতি রয়েছে। সেগুলো পূরণে কাজ চলছে। তবে বিদেশিদের নিবন্ধনব্যবস্থা চালু করা জটিল প্রক্রিয়া, এটি বাস্তবায়নে সময় ও সমন্বয় প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তৌহিদুল হক মনে করেন, বিদেশি নাগরিকদের নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন। তাঁর মতে, কিউআর কোডে ব্যক্তির পরিচয়, কর্মস্থল ও অবস্থানের তথ্য যুক্ত থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি সহজ হবে।
তিনি আরও বলেন, বিদেশি নাগরিকদের অপরাধে জড়ানোর ক্ষেত্রে অনেক সময় স্থানীয় সহযোগীরাও যুক্ত থাকেন। নিবন্ধন ও নজরদারি জোরদার হলে বিদেশিদের পাশাপাশি তাঁদের দেশীয় সহযোগীদেরও শনাক্ত করা সহজ হবে। এতে বিদেশি নাগরিকদের নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা—দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।