দক্ষতা উন্নয়নে ১০৪ প্রশিক্ষণ কেন্দ্র
পরিকল্পনা বাস্তবায়নে দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণ কার্যক্রম চলছে। তথ্যপ্রযুক্তি, আধুনিক ড্রাইভিং, নার্সিং, কেয়ারগিভিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও হসপিটালিটিসহ ৫৫টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পাশাপাশি ইংরেজির সঙ্গে জাপানি, কোরিয়ান, জার্মান ও আরবি ভাষা শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মীদের দক্ষতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সনদ ও প্রশিক্ষণব্যবস্থা চালুর উদ্যোগও রয়েছে।
মালয়েশিয়া থেকে জাপান, নতুন সুযোগের খোঁজ
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়ায় ৩৩৮টি অনুমোদিত রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বাংলাদেশের অনুরোধে ১০ হাজার কর্মী বিনা খরচে নিয়োগে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। বোয়েসেলের তত্ত্বাবধানে এ বিশেষ কর্মসূচি বাস্তবায়নের কথা রয়েছে।
জাপানের নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ব্যবস্থার আওতায় বয়স্কদের সেবাযত্ন, তথ্যপ্রযুক্তি, নির্মাণ, কৃষি ও আতিথেয়তা খাতে বাংলাদেশিদের কাজের সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে জাপানি ভাষা ও সংশ্লিষ্ট কারিগরি দক্ষতার সনদ প্রয়োজন।
ইউরোপের শ্রমবাজারেও নজর
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর কার্যক্রম চলছে। এর আওতায় তথ্যপ্রযুক্তি পেশাজীবী, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের ইউরোপের নিয়োগদাতাদের সঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এ কাজে বোয়েসেল ও বিএমইটি সমন্বিতভাবে কাজ করছে।
ইতালির অর্থায়নে বাংলাদেশে বিনা মূল্যে প্রাক্-প্রস্থান প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবা খাতেও নার্স ও কেয়ারগিভারদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ রয়েছে। জার্মানির অপরচুনিটি কার্ডের মাধ্যমেও দক্ষ পেশাজীবীদের চাকরি খোঁজার সুযোগ রয়েছে।
এ ছাড়া রোমানিয়া, গ্রিস, সার্বিয়া, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিতে কৃষি, সরবরাহব্যবস্থা, নির্মাণ ও আতিথেয়তা খাতে কর্মী পাঠানোর সম্ভাবনা দেখছে সরকার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কৃষি, নির্মাণ ও গাড়ি মেরামত খাতেও সুযোগ সম্প্রসারণের চেষ্টা চলছে। রাশিয়া, মালদ্বীপ ও সেশেলসের শ্রমবাজারও পরিকল্পনায় রয়েছে।
অভিবাসন ব্যয় ও নিরাপত্তায় গুরুত্ব
বিদেশগামী কর্মীদের খরচ কমানো এবং প্রতারণা ঠেকাতে ডিজিটাল মাইগ্র্যান্ট কার্ড ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের ব্যাংকিং সুবিধা, বিমা সুরক্ষা ও জরুরি আইনি সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি অননুমোদিত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বিদেশে কর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিদেশি ভাষা প্রশিক্ষণ যুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
রেমিট্যান্সে বাড়ছে প্রত্যাশা
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১১ দশমিক ৯ শতাংশ বেশি। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
সরকারের প্রত্যাশা, অদক্ষ শ্রমিকের পরিবর্তে চাহিদাভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বিদেশে পাঠানো গেলে রেমিট্যান্সের পরিমাণ বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের অবস্থান আরও শক্তিশালী হবে।