উপজেলার প্রথম ১৫টি বিদ্যালয়ে প্রায় ১৫০টি করে বই দিয়ে পাঠাগার গড়ে তোলা হয়। পরে আরও ৫২টি বিদ্যালয়ে দেওয়া হয় ১০০টি করে বই। এভাবে দুই বছরে লালমাইয়ের ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই পৌঁছে যায় বিদ্যা বিকাশের পাঠাগার।
নিজের উদ্যোগেই অর্থায়ন
শুরুতে কোনো প্রাতিষ্ঠানিক তহবিল বা বড় দাতার সহায়তা ছিল না। পাঠাগারের খরচ জোগাতে সাইফ মিঠু নিজের বাড়ির একটি কক্ষ অতিথিদের জন্য অনলাইন আবাসন প্ল্যাটফর্ম এয়ারবিএনবিতে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। সেখান থেকে পাওয়া অর্থের বড় অংশ ব্যয় করেন বই কেনা ও পাঠাগার স্থাপনে।
পাশাপাশি বন্ধু, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরাও সহযোগিতা করেছেন। কেউ বই কিনে দিয়েছেন, কেউ অর্থায়ন করেছেন, আবার কেউ উদ্যোগটির প্রচারে পাশে দাঁড়িয়েছেন।
বাংলাদেশে বিদ্যা বিকাশের রয়েছে স্থানীয় প্রতিনিধি, সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের একটি দল। বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ, বই সংগ্রহ ও বিতরণ, পাঠাগার উদ্বোধন এবং নিয়মিত তদারকির কাজ তাঁরাই পরিচালনা করেন।
তবে শুধু বই দিয়ে পাঠাগার প্রতিষ্ঠা করাই তাঁদের উদ্দেশ্য নয়। শিক্ষার্থীরা যেন বই বাড়িতে নিয়ে পড়তে পারে, সে ব্যবস্থাও করতে চান তাঁরা। সপ্তাহে অন্তত এক দিন শিক্ষক বই বিতরণ ও ফেরত নেওয়ার দায়িত্ব পালন করলে পাঠাগারটি কার্যকর থাকবে বলে মনে করেন সাইফ।
বই হারিয়ে গেলে বা নষ্ট হলেও শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে চান না তাঁরা। বরং বই ধার নেওয়া, পড়া এবং ফেরত দেওয়ার মধ্য দিয়ে শিশুদের মধ্যে দায়িত্ববোধ ও বইয়ের প্রতি যত্নশীল হওয়ার অভ্যাস গড়ে তোলাই লক্ষ্য।
শিশুদের পাঠাভ্যাস যাচাইয়ে ২০২৫ সালে একটি উদ্যোগও নেয় বিদ্যা বিকাশ। এতে ভালো পাঠক হিসেবে পাঁচজন শিক্ষার্থীকে সনদ, বই ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।
এবার লক্ষ্য আরও ৪৫ শিক্ষাপ্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়ের ৬৭টি পাঠাগার প্রতিষ্ঠার পর এবার উদ্যোগটির পরিধি বাড়াতে চায় বিদ্যা বিকাশ। লালমাই উপজেলার ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে পর্যায়ক্রমে পাঠাগার গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন পাঠাগারগুলোতে সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, দর্শন, ভ্রমণ, মুক্তিযুদ্ধ, সমাজ ও সংস্কৃতিবিষয়ক বই রাখার প্রস্তুতি চলছে। বয়স ও পাঠকের চাহিদা বিবেচনায় এবার বইয়ের সংগ্রহও হবে আরও সমৃদ্ধ।
সাইফ মিঠুর স্বপ্ন, লালমাইয়ের প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থীও যেন বাংলা সাহিত্যসহ বিশ্বের অন্তত ১০০ জন গুরুত্বপূর্ণ লেখক, সাহিত্যিক, বিজ্ঞানী ও মনীষীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।
যুক্তরাজ্যে মেয়ের বই পড়ার অভ্যাস থেকে জন্ম নেওয়া একটি ভাবনা এখন কুমিল্লার ৬৭টি বিদ্যালয়ের শিশুদের জন্য বাস্তব সুযোগ হয়ে উঠেছে। সাইফের প্রত্যাশা, এই উদ্যোগ একদিন দেশের আরও অনেক গ্রামের শিশুদের কাছে বই পড়ার আনন্দ পৌঁছে দেবে।