প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে শুধু প্রচলিত উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আগামী ৩০ থেকে ৫০ বছরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের বৃহৎ ভোক্তাবাজার, তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা জাপানি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন ও রপ্তানি খাত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য
বাংলাদেশের তরুণ শ্রমশক্তি ও বৃহৎ বাজারকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশে ১৮ কোটির বেশি মানুষের বাজার রয়েছে এবং জনসংখ্যার গড় বয়স প্রায় ২৭ বছর। প্রতিবছর ৪০ থেকে ৫০ হাজার শিক্ষার্থী প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করছেন।
এই জনশক্তিকে যথাযথ প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তুলতে পারলে বাংলাদেশ উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রত্যাশা, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হবে। ২০৩৪ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যও তুলে ধরেন তিনি।
তবে এ লক্ষ্য অর্জনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, দক্ষ জনবল, উন্নত অবকাঠামো, বিনিয়োগবান্ধব নীতি এবং প্রশাসনিক জটিলতা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাপানের বাজারে ৭,৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা
বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিকে (ইপিএ) দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তাঁর বক্তব্য অনুযায়ী, চুক্তির আওতায় বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। একই সঙ্গে বাংলাদেশেও জাপানি পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজারসুবিধা তৈরি হবে।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। তবে এ সুবিধা কাজে লাগাতে পণ্যের মান, উৎপাদন সক্ষমতা, আন্তর্জাতিক সনদ এবং সরবরাহব্যবস্থা উন্নত করার প্রয়োজনীয়তা রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, জাপানি কোম্পানিগুলোর প্রধান উদ্বেগের মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, উন্নত অবকাঠামো এবং শুল্ক ও করব্যবস্থায় পূর্বানুমানযোগ্যতা। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত জাপানি অর্থনৈতিক অঞ্চলে গাড়ি প্রস্তুতকারক, খুচরা বিক্রেতা ও কৃষিযন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কারখানা স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
তিন খাতে বিনিয়োগে বিশেষ গুরুত্ব
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে তিনটি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রথমত, জ্বালানি খাত। শিল্পায়নের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে জাপানের বিনিয়োগ চান তিনি।
দ্বিতীয়ত, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদনে বাংলাদেশ-জাপান প্রযুক্তি পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি মহাকাশবিজ্ঞান, স্যাটেলাইট প্রকৌশল ও উন্নত প্রযুক্তিতে যৌথ গবেষণার সম্ভাবনাও তুলে ধরেন তিনি।
তৃতীয়ত, যোগাযোগ অবকাঠামো। দেশের ছয়টি প্রধান বিভাগীয় শহরের মধ্যে উচ্চগতির রেল যোগাযোগ এবং দেশব্যাপী উড়াল সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এসব প্রকল্পের মহাপরিকল্পনা, বিনিয়োগ ও অর্থায়নে জাপানের সহযোগিতা কামনা করেন তিনি।
জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেইর সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গেও বৈঠক করেন তিনি। সেখানে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয় উঠে আসে।
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্যপ্রযুক্তি, গাড়ি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া জাপানের বহুজাতিক পোশাক ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে ম্যান-মেড ফাইবার, কারিগরি বস্ত্র ও টেকসই পোশাক উৎপাদনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা নিয়েও আলোচনা হয়।
জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠকে জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও অবকাঠামো খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তিনি। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যালয় খোলার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন গভর্নর।
প্রবাসীদের বাংলাদেশের প্রতিনিধি হওয়ার আহ্বান
টোকিওতে প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী প্রবাসীদের বাংলাদেশের প্রতিনিধি বা ‘অ্যাম্বাসেডর’ হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।
জাপানি ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা চালু এবং ব্যবসা-বাণিজ্য সহজ করার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর পুনরুজ্জীবিত করা এবং বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগের কথাও জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, পাঁচ শতাধিক বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে ৪৬টি বড় রাষ্ট্রীয় কারখানা চালুর প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশু যেন মানসম্মত শিক্ষা ও চিকিৎসা পায়, পর্যাপ্ত খাবার পায় এবং বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে—এমন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
বিনিয়োগের সম্ভাবনা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ
প্রধানমন্ত্রীর টোকিও সফরে জাপানি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
বিশেষ করে ইপিএর আওতায় শুল্কমুক্ত বাজারসুবিধা কাজে লাগানো গেলে তৈরি পোশাকের বাইরে অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জাপানি প্রযুক্তি ও বিনিয়োগ দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।
তবে এসব সম্ভাবনা বাস্তবায়নে বিনিয়োগকারীদের আস্থা অর্জন, নীতির ধারাবাহিকতা, দ্রুত প্রশাসনিক অনুমোদন, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি।
বাংলাদেশ-জাপান সম্পর্ককে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার সাফল্য নির্ভর করবে ঘোষিত পরিকল্পনাগুলোর বাস্তবায়ন, দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগের সুফল দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে কতটা প্রতিফলিত হয়, তার ওপর।