দেশভিত্তিক হিসাবে জার্মানিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি অনাস্থা সবচেয়ে বেশি। দেশটির ৯১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের এবং ৯৮ শতাংশ মানুষ চীনের প্রতিষ্ঠানগুলোর তথ্য সুরক্ষাব্যবস্থা নিয়ে সন্দিহান। অন্যদিকে পোল্যান্ডে তুলনামূলক বেশি মানুষ যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা প্রকাশ করেছেন। দেশটিতে এই হার যথাক্রমে ৩৮ ও ২০ শতাংশ।
ইউরোপের নিজস্ব প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি সবচেয়ে বেশি আস্থা দেখা গেছে বেলজিয়ামে। দেশটির ৫৯ শতাংশ নাগরিক মনে করেন, ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো তাঁদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
এই অনাস্থার পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে তথ্যের ওপর বিদেশি সরকারের সম্ভাব্য প্রবেশাধিকার। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব নিরাপত্তা আইনের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশগুলোর প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছে ব্যবহারকারীদের তথ্য চাইতে পারে। এ নিয়ে ইউরোপের আদালত ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যেও উদ্বেগ রয়েছে।
এদিকে প্রযুক্তি ও ডিজিটাল নীতিনির্ধারণ নিয়ে ওয়াশিংটন ও ব্রাসেলসের দূরত্বও বাড়ছে। আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ আবাসিক ফেলো মার্ক স্কটের মতে, মুক্ত বাণিজ্য, ন্যাটো ও বাক্স্বাধীনতার মতো মৌলিক বিষয়েও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে ইউরোপের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ জোরদার করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। গত জুনে ব্রাসেলস ঘোষিত ইউরোপিয়ান টেকনোলজিক্যাল সভরেনটি প্যাকেজের লক্ষ্য হলো ইউরোপের ভেতরেই উন্নত সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো গড়ে তোলা।
ভন ডার লেনের বক্তব্য, হাসপাতাল, বিদ্যুৎ গ্রিড ও গুরুত্বপূর্ণ সেবা সচল রাখতে প্রয়োজনীয় প্রযুক্তির জন্য ইউরোপ অন্যদের ওপর নির্ভরশীল থাকতে পারে না।
তবে বাস্তবতা হলো, ইউরোপের সরকারি-বেসরকারি বহু গুরুত্বপূর্ণ তথ্য এখনো মাইক্রোসফট ও অ্যামাজনের মতো মার্কিন প্রতিষ্ঠানের সার্ভারে সংরক্ষিত রয়েছে। এই নির্ভরতা কমাতে ইতিমধ্যে কিছু দেশ পদক্ষেপও নিয়েছে। অস্ট্রিয়ার সামরিক বাহিনী মাইক্রোসফটের সেবা বাদ দিয়ে ইউরোপীয় ওপেনসোর্স প্রযুক্তির দিকে ঝুঁকেছে। ডেনমার্কের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষও দেশটির স্কুলগুলোতে গুগল ল্যাপটপ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে।
সব মিলিয়ে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও প্রযুক্তিগত স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপ এখন নিজস্ব ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।