কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকার সময়ও ট্রাম্প আইনসভাটির ক্ষমতাকে উপেক্ষা করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছে। কূটনৈতিক পদে নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদনের বাধ্যবাধকতা উপেক্ষা করা হয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা দুর্বল হয়েছে এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে সক্ষম অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটের অনুমোদন প্রয়োজন—এমন কেন্দ্রীয় সরকারের প্রায় ৩৫৯টি পদ এখনো শূন্য রয়েছে।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়েও কংগ্রেসের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরোধের আশঙ্কা রয়েছে। অভিযোগ অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন ট্রাম্প। পরে ৬০ দিনের মধ্যে আইনপ্রণেতাদের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা এড়াতে যুদ্ধ শেষ হয়েছে বলে দাবি করেন, যদিও বাস্তবে সংঘাত অব্যাহত ছিল। এভাবে সামরিক অভিযান দীর্ঘায়িত করার সুযোগ তৈরি হতে পারে।
বিশ্লেষণে আরও আশঙ্কা করা হয়েছে, কংগ্রেস ট্রাম্পের ক্ষমতা সীমিত করার উদ্যোগ নিলে তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের বিভিন্ন সংঘাতে জড়িয়ে ফেলতে পারেন। যুদ্ধের মধ্যে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে থাকলে প্রেসিডেন্টের বিরুদ্ধে কংগ্রেসের পদক্ষেপ নেওয়া রাজনৈতিকভাবে কঠিন হয়ে উঠতে পারে। ক্ষমতা ধরে রাখতে ট্রাম্প এমন পরিস্থিতির সুযোগ নিতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
পররাষ্ট্র ও সামরিক নীতির বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার স্বার্থকে যুক্তরাষ্ট্রের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগও রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ফলে আগামী দুই বছর কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্রদের জন্য অন্যতম কঠিন সময় হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আশঙ্কা করা হচ্ছে, ট্রাম্প একসময় যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য শুধু অনিশ্চয়তার কারণ নয়, সরাসরি হুমকি হয়ে উঠতে পারেন। কিউবা, তাইওয়ান, ইরান থেকে শুরু করে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র পর্যন্ত বিভিন্ন অঞ্চলে তাঁর সিদ্ধান্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বার্থ এবং নিজের ও পরিবারের আর্থিক স্বার্থ প্রাধান্য পেতে পারে।
গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ এমন আশঙ্কাকে আরও জোরালো করেছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে ইউক্রেনের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে। চীন তাইওয়ানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিলে ট্রাম্প তাতে সম্মতি দিতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বার্থে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তাই এমন পরিস্থিতি মোকাবিলায় তাইওয়ানকে আগেভাগেই প্রস্তুতি নিতে হবে।
একইভাবে কিউবার জনগণকেও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আশঙ্কা বিবেচনায় রাখতে হতে পারে। ভেনেজুয়েলার মতো কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটির বর্তমান ও ভবিষ্যৎ অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যা ঘটেছে, হাভানাতেও তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে বিশ্লেষণে সতর্ক করা হয়েছে।