এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত সুদের হার কমানোর আহ্বান জানিয়ে আসছিলেন। সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পর তিনি ওয়ার্শের প্রতি সমর্থন জানালেও ফেডের নীতিনির্ধারণী বোর্ডের সমালোচনা করেন।
সুদের হার বাড়ানোর সরাসরি প্রভাব পড়তে পারে ঋণগ্রহীতাদের ওপর। ব্যাংক ঋণ, গৃহঋণ ও ক্রেডিট কার্ডের সুদের হার বাড়তে পারে। একই সঙ্গে নতুন করে বাড়ি কিনতে আগ্রহীদের ঋণের খরচও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে সঞ্চয়কারীরা তুলনামূলক বেশি সুদ পাওয়ার সুযোগ পেতে পারেন।
ফেডের সুদের হার বৃদ্ধির পর যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকও তাদের প্রাইম ঋণের সুদের হার ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করেছে। ফলে ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণের সুদের হারও বাড়তে পারে।
তবে নির্দিষ্ট সুদের হারে ১৫ বা ৩০ বছর মেয়াদি গৃহঋণ নেওয়া গ্রাহকদের মাসিক কিস্তিতে তাৎক্ষণিক প্রভাব পড়বে না। নতুন ঋণ নেওয়া কিংবা পুরোনো ঋণ পুনঃঅর্থায়নের ক্ষেত্রে বাড়তি খরচ হতে পারে।
সুদের হার বাড়িয়ে সাধারণত ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণ নেওয়ার প্রবণতা কমানোর চেষ্টা করা হয়। একই সঙ্গে সঞ্চয়ের প্রবণতা বাড়তে পারে। এর ফলে বাজারে ব্যয় কমে এবং মূল্যবৃদ্ধির গতি ধীর হওয়ার সুযোগ তৈরি হয়।
তবে এর বিপরীত প্রভাবও রয়েছে। ঋণের খরচ বেড়ে গেলে ব্যবসাপ্রতিষ্ঠান বিনিয়োগ কমিয়ে দিতে পারে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
ফেডের সর্বশেষ পূর্বাভাসে নীতিনির্ধারকদের মধ্যে ভবিষ্যৎ সুদের হার নিয়ে ভিন্নমতও দেখা গেছে। কয়েকজন নীতিনির্ধারক চলতি বছর আরও কড়াকড়ির পক্ষে অবস্থান নিয়েছেন।
ফেডের সিদ্ধান্তের প্রভাব যুক্তরাষ্ট্রের আবাসন বাজারেও পড়তে পারে। নতুন ঋণগ্রহীতাদের জন্য গৃহঋণের সুদের হার বাড়তে পারে। তবে দীর্ঘমেয়াদি গৃহঋণের সুদ সরাসরি ফেডের নীতিগত হারের সঙ্গে এক-একভাবে পরিবর্তিত হয় না।
ফেডের সিদ্ধান্তের আগে ৩০ বছর মেয়াদি মার্কিন গৃহঋণের গড় সুদের হার ৬ শতাংশের ওপরে ছিল। ফলে উচ্চ সুদের পরিবেশে বাড়ি কেনার খরচ নিয়ে চাপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশেও মুদ্রানীতি নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তও নজরে রয়েছে।
ফেড জানিয়েছে, ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো শক্তিশালী রয়েছে। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের পরিস্থিতিও বিবেচনায় রাখছে কেন্দ্রীয় ব্যাংক।