শ্রমিকদের বকেয়া বেতন আদায়ে ত্রিপক্ষীয় বিরোধ নিষ্পত্তি জোটের কাছে দাবি জানাতে সহায়তা করছে শ্রমশক্তি মন্ত্রণালয় ও অভিবাসী শ্রমিক কেন্দ্র (এমডব্লিউসি)।
বেতন বন্ধ, ঋণের বোঝায় দিশেহারা শ্রমিক
প্রতিবেদনে পাবনার ২৪ বছর বয়সী প্রবাসী শ্রমিক হোসেন মিদুলের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর তিনি মাসে ৬০০ ডলার বেতন পেতেন। আয়ের প্রায় পুরোটাই পরিবারের কাছে পাঠাতেন। কিন্তু গত দুই মাস ধরে কোনো টাকা পাঠাতে পারেননি।
হোসেনের অভিযোগ, অক্টোবরের শুরুতে তাঁর নিয়োগকর্তা কোনো ব্যাখ্যা ছাড়াই ওয়ার্ক পারমিট বাতিল করে দেন। অথচ পারমিটটির মেয়াদ ২০২৭ সালের জুলাই পর্যন্ত থাকার কথা ছিল।
সিঙ্গাপুরে যাওয়ার জন্য এজেন্ট ফি বাবদ নেওয়া ৯ হাজার ডলারের ব্যাংকঋণও শোধ করতে হচ্ছে তাঁকে। তাঁর আয়ের প্রায় অর্ধেক ঋণ পরিশোধে ব্যয় হতো। বাকি অর্থ দিয়ে ছয় সদস্যের পরিবারের খরচ চালাতেন।
হোসেনের ভাষ্য, পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করতে বিদেশে এসেছিলেন তিনি। এখন কাজ ও বেতন দুটোই বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
প্রতিবেদন অনুযায়ী, প্রসেস মেইনটেন্যান্স সলিউশনসের কাছে হোসেনের প্রায় ১ হাজার ৮০০ ডলার বেতন পাওনা রয়েছে। একই প্রতিষ্ঠানের পাশাপাশি জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশনের শ্রমিকদেরও বেতন বকেয়া রয়েছে।
আগস্ট থেকে বেতন বন্ধের অভিযোগ
দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের দাবি, আগস্ট থেকে তাঁদের বেতন দেওয়া বন্ধ হয়ে যায়। সেপ্টেম্বরের শেষভাগ থেকে ধাপে ধাপে ওয়ার্ক পারমিট বাতিল করা শুরু হয়।
দ্য স্ট্রেইটস টাইমসের সঙ্গে কথা বলা প্রসেস মেইনটেন্যান্স সলিউশনসের ১৫ জন শ্রমিকের মধ্যে পাঁচজন জানিয়েছেন, অক্টোবরে তাঁরা বকেয়া বেতন পেয়েছেন। অন্যদিকে, ২৪ অক্টোবর পর্যন্ত জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশনের চার কর্মী তাঁদের বেতন না পাওয়ার কথা জানান।
শ্রমিকদের কয়েকজনের অভিযোগ, সিঙ্গাপুরে কাজ পেতে বাংলাদেশে এজেন্টদের ১২ হাজার ডলারেরও বেশি অর্থ দিতে হয়েছে তাঁদের। জুরং আইল্যান্ডসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিশেষায়িত উৎপাদন ও রক্ষণাবেক্ষণের কাজ পাওয়ার আশায় তাঁরা এই অর্থ ব্যয় করেন।
এ ছাড়া এক বছর পর নির্মাণ খাতের সনদ অর্জনের প্রশিক্ষণে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও অধিকাংশ শ্রমিক সেই সুযোগ পাননি বলে অভিযোগ রয়েছে।
নতুন চাকরির আশ্বাস, তবু অনিশ্চয়তা
গত ২৩ অক্টোবর প্রসেস মেইনটেন্যান্যান্স সলিউশনসের প্রায় ৭০ জন শ্রমিক অভিবাসী শ্রমিক কেন্দ্রের একটি বিনোদনকেন্দ্রে প্রতিষ্ঠানের পরিচালক রুজাইদি মাসুনিক ও শ্রমশক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বকেয়া বেতনের হিসাবসংবলিত নথি শ্রমিকদের দেওয়া হয়।
এক শ্রমিক রাজীব হোসেন জানান, কর্তৃপক্ষ তাঁদের নতুন নিয়োগকর্তা খুঁজে নেওয়ার সুযোগসংক্রান্ত চিঠি দেওয়ার কথা জানিয়েছে। তবে নতুন চাকরি পেতে আবারও এজেন্টকে অর্থ দিতে হলে এবং প্রতিশ্রুত প্রশিক্ষণ না পেলে তাঁদের সমস্যার সমাধান হবে না বলে আশঙ্কা করছেন শ্রমিকেরা।
অভিবাসী শ্রমিক কেন্দ্র জানিয়েছে, শ্রমিকদের নতুন চাকরি খুঁজে পেতে এবং কর্মসংস্থানে পরিবর্তনের সময় সহায়তা দিতে বিভিন্ন কর্মসংস্থান সংস্থার সঙ্গে কাজ করছে তারা। পাশাপাশি প্রায় ৯০ জন শ্রমিককে খাবারও সরবরাহ করা হচ্ছে।
মালিকানা পরিবর্তনের সময় তৈরি হয় জটিলতা
প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ অক্টোবর প্রসেস মেইনটেন্যান্স সলিউশনসের কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড দেখা যায়নি। সেখানে উপস্থিত এক ব্যক্তি দাবি করেন, বেতন ও সনদসংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হয়েছে। আগস্টে মালিকানা পরিবর্তনের সময় সৃষ্ট জটিলতার কারণে বেতন দিতে বিলম্ব হয়েছে বলেও জানান তিনি। তবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করেন ওই ব্যক্তি।
প্রাতিষ্ঠানিক নথি অনুযায়ী, ১ আগস্ট প্রসেস মেইনটেন্যান্স সলিউশনসের দায়িত্ব ফোক চি মেংয়ের কাছ থেকে রুজাইদি মাসুনিকের হাতে যায়। একই দিনে জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশনের মালিকানাও পরিবর্তিত হয়।
দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চাকরিসংক্রান্ত অপরাধের সন্দেহে গত জুলাইয়ে সিঙ্গাপুরের শ্রমশক্তি মন্ত্রণালয় ১৪ জনকে গ্রেপ্তার করেছিল, যাঁদের মধ্যে রেন জি ছিলেন। মন্ত্রণালয় সন্দেহ করছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এ ঘটনায় স্থানীয় ১৩৯ জনের সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ডে সন্দেহজনক অর্থ জমা দেওয়ার বিষয়েও তদন্ত চলছে।
দুই প্রতিষ্ঠানের শ্রমিকেরা একই আবাসনে থাকতেন। তাঁদের দাবি, একই বাংলাদেশি ব্যবস্থাপক তাঁদের নিয়োগ দিয়ে একই কর্মস্থলে পাঠিয়েছিলেন।
সিঙ্গাপুরে কর্মরত এসব বাংলাদেশি শ্রমিকের বকেয়া বেতন আদায়, বৈধ কর্মসংস্থান নিশ্চিত করা এবং ওয়ার্ক পারমিট বাতিলের পর তাঁদের ভবিষ্যৎ কী হবে—তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।