দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়। এর মধ্যে গত ২৭ আগস্ট প্রথম দফায় নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন নওগাঁর এবং দুজন নাটোরের বাসিন্দা।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ সকাল ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
নিহত পাঁচজন হলেন—নওগাঁ পৌর শহরের পার-নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
দীর্ঘদিন ধরে প্রিয়জনের মরদেহের অপেক্ষায় ছিলেন স্বজনরা। পরিচয় শনাক্তকরণ ও আইনি জটিলতার কারণে মরদেহগুলো সৌদি আরবের হিমঘরে সংরক্ষিত ছিল। স্বজনদের অনেকেই শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখার আশায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন।
আত্রাইয়ের মাধবপুর গ্রামের নিহত মাসিদুল সরদারের বাবা মজনু সরদার ও মা ছাইদা বেগম ছেলের মরদেহের অপেক্ষায় দিনের পর দিন কাটিয়েছেন। বয়সের ভারে ন্যুব্জ এই দম্পতি ছেলের মরদেহ দেশে ফেরানোর আকুতি নিয়ে বিভিন্ন দপ্তরে ছুটেছেন।
অন্যদিকে মধ্যবোয়ালিয়া গ্রামের নিহত মিনহাজ প্রামাণিকের মা পারুল আক্তার ছেলের ছবি বুকে নিয়ে দিন কাটাচ্ছেন। সন্তানকে হারানোর শোকের পাশাপাশি পরিবারের ভবিষ্যৎ নিয়েও রয়েছে গভীর অনিশ্চয়তা।
সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন নিহত সাগর আলীর স্ত্রী পারভীন খাতুন। তিনি জানান, মাত্র ছয় মাস আগে সাড়ে ছয় লাখ টাকা ঋণ করে স্বামীকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। একমাত্র ভিটেবাড়িটিও মহাজনের কাছে বন্ধক রয়েছে। এখনো ঋণের এক লাখ টাকাও পরিশোধ করা সম্ভব হয়নি। দুটি ছোট সন্তানকে নিয়ে পাওনাদারদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিহত পরিবারগুলোর সঙ্গে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়ার মধ্য দিয়ে পরিবারগুলোর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলেও তাঁদের আর্থিক সংকট কাটবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বিদেশের মাটিতে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে যাওয়া মানুষগুলোর মৃত্যুতে নিভে গেছে পাঁচটি পরিবারের স্বপ্ন। এখন তাঁদের স্বজনদের অপেক্ষা সরকারি সহায়তা ও নতুন করে বেঁচে থাকার অবলম্বনের।