আলোচনায় ইরান ও সৌদি আরবের প্রতিনিধিদের পাশাপাশি তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতির কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মহসেন রেজাই ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন বলে দাবি করা হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে হুথিদের ধারাবাহিক হামলায় দেশটির অর্থনৈতিক ক্ষতির বিষয়টি সামনে রেখে ইরান মধ্যস্থতার উদ্যোগ নেয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। হামলা বন্ধের বিনিময়ে আর্থিক সহায়তার প্রস্তাবের বিষয়টি ওই আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল বলে দাবি করা হয়েছে।
এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং সংশ্লিষ্ট জোটের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের তেহরান সফরের কথা উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, চলমান সংকটের পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানো, সংলাপ ও কূটনৈতিক সমাধান উৎসাহিত করা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করার বৃহত্তর উদ্যোগের অংশ এই সফর। তবে বিবৃতিতে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব বা বিমানে অর্থ বহনের বিষয়ে কিছু বলা হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এক সৌদি কর্মকর্তা অর্থ হস্তান্তরের দাবি নিশ্চিত না করলেও তিন বছর আগে হওয়া একটি সমঝোতা বাস্তবায়নকে সংঘাতের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেন।
ওই সমঝোতা অনুযায়ী, হুথিদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ এবং অবকাঠামো পুনর্নির্মাণে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে হুথিদের হামলা বন্ধ রাখার কথা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হুথিদের অভিযোগ, সৌদি আরব আগের সমঝোতার প্রতিশ্রুতি রক্ষা করেনি। অন্যদিকে সৌদি আরবের অবস্থান হলো, সামরিক চাপ বা ব্ল্যাকমেইলের মুখে নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হবে না তারা। ফলে আর্থিক সহায়তা, আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং নিরাপত্তার নিশ্চয়তা—এই বিষয়গুলোকে ঘিরে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধি এবং ইরানি নেতৃত্বের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরের সময় এই উদ্যোগের ভিত্তি তৈরি হয় বলে দাবি করা হয়েছে।
তবে হুথিদের হামলা বন্ধের শর্তে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব এবং সামরিক বিমানে করে অর্থ তেহরানে নেওয়ার দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে বিষয়টি নিশ্চিত চুক্তি বা অর্থ হস্তান্তরের ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।