এ ধরনের ঘটনা সৌদি আরবের বিচারব্যবস্থা ও মৃত্যুদণ্ড কার্যকরের স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগকে আরও জোরালো করেছে। বাংলাদেশের জন্যও বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সম্প্রতি মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) হিসাবে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবে অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই হিসাবের বাইরে রয়েছেন ওই দুই বাংলাদেশি। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধির প্রবণতা নতুন নয়। ২০২৪ সালে দেশটিতে ৩৪৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫৬-তে, যা দেশটির রেকর্ড। ২০১৮ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতার উত্থানের পরের বছর ১৪৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে সংখ্যাটি দ্বিগুণেরও বেশি হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সৌদি আরবে ১ হাজার ৮১৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের প্রায় এক-তৃতীয়াংশের সাজা ছিল মাদকসংক্রান্ত অপরাধে। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, নথিবদ্ধ সংখ্যার বাইরেও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা থাকতে পারে।
মৃত্যুদণ্ডের আইনি ভিত্তি কী?
সৌদি আরবের বিচারব্যবস্থার একটি বড় বৈশিষ্ট্য হলো, দেশটিতে সব অপরাধ ও তার শাস্তি নির্ধারণ করে এমন পূর্ণাঙ্গ ও সমন্বিত দণ্ডবিধি নেই। ইসলামি শরিয়াহ এবং ফিকহের ব্যাখ্যার ওপর ভিত্তি করে বিচারকেরা অনেক ক্ষেত্রে অপরাধের ধরন ও শাস্তি নির্ধারণ করেন। সৌদি শাসনব্যবস্থায় পবিত্র কোরআন ও সুন্নাহকে আইনের প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়।
ইসলামি আইনের প্রচলিত শ্রেণিবিভাগ অনুসারে অপরাধ তিন ধরনের—হদ, কিসাস ও তাজির। এই তিন শ্রেণির মধ্যে পার্থক্য রয়েছে অপরাধের প্রকৃতি, শাস্তি নির্ধারণ এবং বিচারকের এখতিয়ারের ক্ষেত্রে।
হদ হলো নির্দিষ্ট কিছু অপরাধের জন্য শরিয়াহতে নির্ধারিত শাস্তি। কিসাস মূলত হত্যা বা শারীরিক আঘাতের মতো অপরাধে প্রতিশোধমূলক ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত। নির্দিষ্ট শর্তে ভুক্তভোগী বা নিহত ব্যক্তির স্বজনেরা ক্ষমা করতে কিংবা ক্ষতিপূরণ গ্রহণ করতে পারেন।
অন্যদিকে, তাজিরের আওতায় পড়ে এমন অপরাধ, যেগুলোর শাস্তি হদ বা কিসাসের মতো নির্দিষ্টভাবে নির্ধারিত নয়। এসব ক্ষেত্রে অপরাধের ধরন, পরিস্থিতি এবং প্রচলিত আইনি ব্যাখ্যা বিবেচনায় বিচারক শাস্তি নির্ধারণ করতে পারেন। মৃত্যুদণ্ডের মতো গুরুতর সাজাও কিছু ক্ষেত্রে এই বিবেচনামূলক ক্ষমতার আওতায় দেওয়া হচ্ছে বলে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ।
সৌদি কর্তৃপক্ষের দাবি, তাজিরের অধীনে মৃত্যুদণ্ড খুব কম ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান এই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শুধু শরিয়াহর ব্যাখ্যার ওপরই সৌদি আরবের মৃত্যুদণ্ড ব্যবস্থা নির্ভরশীল নয়। দেশটিতে কিছু লিখিত আইনেও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এর মধ্যে ২০০৫ সালের মাদকবিরোধী আইন এবং ২০১৭ সালের সন্ত্রাসবিরোধী আইন উল্লেখযোগ্য। মাদক পাচারসহ কয়েকটি অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আবার সন্ত্রাসবিরোধী আইনের কিছু অস্পষ্ট ধারায় ‘জাতীয় ঐক্য বিপন্ন করা’ বা জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগেও সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।
কোন কোন অপরাধে হতে পারে মৃত্যুদণ্ড?
সৌদি আরবে মৃত্যুদণ্ডের আওতা শুধু হত্যা বা প্রাণঘাতী অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, রাষ্ট্রদ্রোহ এবং কিছু অন্যান্য গুরুতর অপরাধে এই সাজা দেওয়া হতে পারে। দেশটির আইনি ব্যবস্থায় জাদুটোনা বা ডাকিনীবিদ্যার অভিযোগেও মৃত্যুদণ্ডের নজির রয়েছে।
সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের ব্যবহার। মাদক পাচার, বিতরণ এবং দখলে রাখার মতো অপরাধেও এই সাজা দেওয়া হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের প্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক।
আন্তর্জাতিক আইনের আওতায় মৃত্যুদণ্ড প্রয়োগের ক্ষেত্রে সাধারণত ‘সবচেয়ে গুরুতর অপরাধ’—বিশেষত ইচ্ছাকৃত হত্যার মতো অপরাধ—শর্ত হিসেবে বিবেচিত হয়। সৌদি সরকার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়েছে, দেশটি শুধু সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রেই মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে মাদক ও রাজনৈতিক অভিযোগে মৃত্যুদণ্ডের পরিসংখ্যান এ বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সৌদি কর্তৃপক্ষ ‘পেনাল কোড ফর ডিসক্রিশনারি স্যাঙ্কশনস’ বা বিবেচনামূলক শাস্তির দণ্ডবিধির একটি খসড়া তৈরির ঘোষণা দেয়। এর উদ্দেশ্য ছিল তাজিরের আওতাভুক্ত অপরাধগুলো লিখিত আইনে অন্তর্ভুক্ত করা। তবে অ্যামনেস্টির বিশ্লেষণ অনুযায়ী, ফাঁস হওয়া খসড়ায় মৃত্যুদণ্ড সীমিত করার বদলে এর আইনি ভিত্তি আরও সুসংহত হওয়ার আশঙ্কা রয়েছে। খসড়ায় হত্যা, ধর্ষণ, ধর্মদ্রোহ ও ধর্মত্যাগের অভিযোগে মৃত্যুদণ্ডের সুযোগ রাখা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। আইনটি আনুষ্ঠানিকভাবে পাস বা কার্যকর হওয়ার তথ্য নেই।
বিচারকের ক্ষমতা কতটা বিস্তৃত?
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সৌদি আরবে ঘোষিত মৃত্যুদণ্ডের আইনি ভিত্তি বিশ্লেষণ করেছে। সংস্থাটির হিসাবে, ওই সময়ে ৮৬২টি মৃত্যুদণ্ড—মোট সংখ্যার ৪৭ দশমিক ৫ শতাংশ—তাজিরের ভিত্তিতে দেওয়া হয়েছিল।
এই ৮৬২টি মৃত্যুদণ্ডের মধ্যে ৫৯৭টি ছিল শুধু মাদকসংক্রান্ত অপরাধে। অর্থাৎ তাজিরের ভিত্তিতে দেওয়া মৃত্যুদণ্ডের বড় অংশই এসেছে মাদকের মামলা থেকে। এ ছাড়া ১৩৫টি মৃত্যুদণ্ড ছিল শুধু ‘সন্ত্রাস’–সংক্রান্ত অপরাধে।
বছরভিত্তিক পরিসংখ্যানেও দেখা যায়, তাজিরের ভিত্তিতে মৃত্যুদণ্ডের ব্যবহার উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট মৃত্যুদণ্ডের প্রায় অর্ধেক ছিল তাজিরের আওতায়। ২০১৯ সালে এই হার বেড়ে প্রায় ৭১ শতাংশে পৌঁছায়। ওই বছর সৌদি সরকারি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, তাজিরের ভিত্তিতে ১৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। তাঁদের মধ্যে ৮৪ জনের অপরাধ ছিল শুধু মাদকসংক্রান্ত।
২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে তাজিরের ভিত্তিতে মৃত্যুদণ্ডের হার কমেছিল। এর একটি সম্ভাব্য কারণ হিসেবে মাদক অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের সাময়িক স্থগিতাদেশকে বিবেচনা করছে অ্যামনেস্টি। তবে ২০২৪ সালে এই প্রবণতা আবার বাড়ে। ওই বছর কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের ৪০ দশমিক ৯ শতাংশ ছিল তাজিরের ভিত্তিতে। আরও ১১ দশমিক ৩ শতাংশের আইনি ভিত্তি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
শুধু মাদকসংক্রান্ত অপরাধে ২০২৪ সালে তাজিরের ভিত্তিতে ১২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই এ সংখ্যা দাঁড়ায় ১১৮-তে।
মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য, বিচারকদের বিস্তৃত বিবেচনামূলক ক্ষমতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন থাকায় মৃত্যুদণ্ডের মতো অপরিবর্তনীয় শাস্তির ক্ষেত্রে ঝুঁকি আরও বাড়ছে।
সংস্কারের প্রতিশ্রুতি, বাস্তবতা ভিন্ন
২০১৮ সাল থেকে সৌদি কর্তৃপক্ষ একাধিকবার মৃত্যুদণ্ড ব্যবস্থায় সংস্কারের আশ্বাস দিয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বিভিন্ন সময়ে বলেছেন, মৃত্যুদণ্ডের প্রয়োগ সীমিত করা হবে।
২০২২ সালের ৩ মার্চ ‘দ্য আটলান্টিক’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ দাবি করেছিলেন, একটি নির্দিষ্ট শ্রেণির অপরাধ ছাড়া মৃত্যুদণ্ডের অন্যান্য প্রয়োগ তুলে দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, যে অপরাধগুলোর জন্য পবিত্র কোরআনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, সেগুলোতে পরিবর্তন আনা সম্ভব নয়।
এ ছাড়া যুবরাজের পক্ষ থেকে এমন আশ্বাসও দেওয়া হয়েছিল যে মাদকসংক্রান্ত অপরাধের মতো যেসব ক্ষেত্রে শরিয়াহ মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করেনি, সেখানে এই সাজা বন্ধ করা হবে। কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে।
২০২১ সালের জানুয়ারিতে সৌদি মানবাধিকার কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশের কথা জানিয়েছিল। তবে ২০২৩ সালে সেই স্থগিতাবস্থা শেষ হওয়ার পর আবারও মাদকসংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর শুরু হয়। এর ফলে আগে স্থগিত থাকা মামলাগুলোতেও সর্বোচ্চ সাজা কার্যকর হতে থাকে।
অ্যামনেস্টির পর্যবেক্ষণ, মৃত্যুদণ্ড ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন ধারাবাহিকভাবে বাস্তবায়িত হয়নি।
‘সন্ত্রাস’ আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক
মাদকসংক্রান্ত অপরাধের পাশাপাশি সৌদি আরবে মৃত্যুদণ্ডের আরেকটি বিতর্কিত ক্ষেত্র হলো সন্ত্রাসবিরোধী আইন। অ্যামনেস্টির অভিযোগ, দেশটিতে ‘সন্ত্রাস’, ‘সন্ত্রাসী অপরাধ’ ও ‘সন্ত্রাসী সংগঠন’-এর সংজ্ঞা এতটাই বিস্তৃত ও অস্পষ্ট যে শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশকারীরাও এর আওতায় পড়তে পারেন।
২০১৭ সালের সন্ত্রাস দমন আইনের কয়েকটি ধারায় জাতীয় ঐক্য বিপন্ন করা বা জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মৃত্যুদণ্ডের সুযোগ রয়েছে। মানবাধিকার সংস্থাটির মতে, রাজনৈতিক সংস্কারের দাবি, মানবাধিকার রক্ষার প্রচেষ্টা এবং শান্তিপূর্ণ প্রতিবাদকেও কখনো কখনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাস হিসেবে বিবেচনা করা হয়েছে।
২০১১ ও ২০১২ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বৈষম্যবিরোধী বিক্ষোভের সময় বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও ছিলেন। তাঁদের কয়েকজনকে পরবর্তী সময়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ ধরনের আলোচিত মামলাগুলোর একটি সৌদ আল-ফারাজের। পেশায় ব্যবসায়ী এই ব্যক্তিকে ২০১৯ সালের ডিসেম্বরে আল-কাতিফের বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ২০১১–২০১২ সালের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ২০২২ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২৬ সালের জুনে তাঁর সাজা কার্যকর হয়। জাতিসংঘের সংশ্লিষ্ট ওয়ার্কিং গ্রুপ এর আগে তাঁর আটককে বেআইনি ও স্বেচ্ছাচারী বলে বিবেচনা করেছিল।
ইএসওএইচআরের তথ্য অনুযায়ী, শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অভিযোগে দণ্ডিত আরও ৪৯ জন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন শেখ সালমান আল-আওদা ও শেখ হাসান আল-মালিকি। ২০১৮ সাল থেকে সরকারি কৌঁসুলিরা তাঁদের মৃত্যুদণ্ড দাবি করে এলেও মামলাগুলোর নিষ্পত্তি হয়নি।
আদালতে আসামির অধিকার কতটা নিশ্চিত?
আইন অনুযায়ী, সৌদি আরবে আসামিদের কিছু মৌলিক অধিকার রয়েছে। ২০১৩ সালের নভেম্বরে রাজকীয় ফরমানের মাধ্যমে জারি হওয়া ফৌজদারি কার্যবিধিতে তদন্ত ও বিচার—উভয় পর্যায়ে আইনি সহায়তা পাওয়ার সুযোগ রাখা হয়েছে। নির্যাতন ও দুর্ব্যবহার নিষিদ্ধ, বিচারপূর্ব আটকের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণের বিধান রয়েছে এবং মৃত্যুদণ্ডসহ বিভিন্ন রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও আছে।
কিন্তু আইন ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান থাকার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তাদের নথিবদ্ধ বিভিন্ন মামলায় আসামিরা দাবি করেছেন, জিজ্ঞাসাবাদের সময় তাঁদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। পরে সেই স্বীকারোক্তিই আদালতে তাঁদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।
সংস্থাগুলোর মতে, কিছু মামলায় নির্যাতনের অভিযোগ তোলা হলেও তা যথাযথভাবে তদন্ত করা হয়নি। এমনকি স্বীকারোক্তি জোর করে আদায় করা হয়েছে কি না, আদালত সেই প্রশ্নও পর্যাপ্তভাবে যাচাই করেননি।
সৌদ আল-ফারাজের মামলায় নির্যাতনের অভিযোগ ছিল গুরুতর। তাঁর দাবি, মিথ্যা স্বীকারোক্তিতে সই করতে অস্বীকৃতি জানানোয় তাঁকে বারবার মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তিনি যৌন সহিংসতার শিকার হন বলেও অভিযোগ করেন। তাঁর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল এবং শিশুসন্তানকে বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে স্বামীর বিরুদ্ধে বিবৃতিতে সই করানো হয় বলে অভিযোগ রয়েছে।
বিচার চলাকালে সৌদ আল-ফারাজ বিশেষায়িত ফৌজদারি আদালত, সরকারি কৌঁসুলি, সৌদি মানবাধিকার কমিশন এবং যুবরাজের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়নি বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। আদালতও তাঁর স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা যথাযথভাবে যাচাই করেননি বলে অভিযোগ।
জালাল আল-লাব্বাদের ঘটনাও উদ্বেগজনক। অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায় আল-কাতিফের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্যাতন চালিয়ে মিথ্যা বিবৃতিতে সই করানোর অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তাঁকে বিদ্যুতের শক দেওয়া, শ্বাসরোধ করা এবং মারধরের পাশাপাশি দীর্ঘ সময় একা আটকে রাখা হয়েছিল।
জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষজ্ঞরা বারবার বলেছেন, নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তি বিচারে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। জাতিসংঘের সংশ্লিষ্ট ওয়ার্কিং গ্রুপের মতে, জবরদস্তিমূলক স্বীকারোক্তি পুরো বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা ও ন্যায্যতাকে ক্ষতিগ্রস্ত করে।
নির্জন কারাবাস ও আইনজীবীর সঙ্গে যোগাযোগে বাধা
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সৌদি আরবে কিছু মৃত্যুদণ্ডের মামলায় আসামিদের দীর্ঘ সময় বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এতে নির্যাতনের অভিযোগ যাচাই, আইনজীবীর সহায়তা নেওয়া এবং নিরপেক্ষ বিচার পাওয়ার সুযোগ বাধাগ্রস্ত হয়।
সৌদ আল-ফারাজ ২০১৯ সালের ২ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর ২০ মাসেরও বেশি সময় একাকী আটক ছিলেন বলে জানা গেছে। জালাল আল-লাব্বাদ দুই দফায় মোট নয় মাস নির্জন কারাবাসে ছিলেন। আবদুল্লাহ আল-দেরাজি তিন মাস বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাঁর পরিবারও জানত না তিনি কোথায় আছেন।
ইউসুফ আল-মানাসিফের পরিবার গ্রেপ্তারের পর পাঁচ মাস তাঁর সঙ্গে দেখা করতে পারেনি। তদন্ত চলাকালে জাওয়াদ কুরেইরিস আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ পাননি বলে অভিযোগ রয়েছে। হাসান জাকি আল-ফারাজ তিন মাস এবং ফারহাত আবু আল-সাউদ চার মাস একাকী আটক ছিলেন।
মোহাম্মদ লাব্বাদের ক্ষেত্রেও নির্যাতনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, নির্জন কারাবাসের সময় একাধিক ব্যক্তি তাঁকে ধাতব তার দিয়ে পিটিয়েছেন, শরীরের বিভিন্ন অংশে লাথি মেরেছেন এবং গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করেছেন। তাঁর ওপর ওয়াটারবোর্ডিং প্রয়োগ এবং দীর্ঘ সময় হাত-পায়ে কড়া পরিয়ে রাখার অভিযোগও রয়েছে।
এসব অভিযোগের স্বাধীন ও স্বচ্ছ তদন্ত না হলে বিচারপ্রক্রিয়ার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
মৃত্যুদণ্ডের ক্ষেত্রে বিদেশিরাই বেশি ঝুঁকিতে
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের প্রভাব সব জনগোষ্ঠীর ওপর সমানভাবে পড়ছে না বলে পরিসংখ্যান থেকে ইঙ্গিত পাওয়া যায়। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪৪ দশমিক ৪ শতাংশ বিদেশি বা প্রবাসী। অথচ মাদকসংক্রান্ত অপরাধে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের হার তুলনামূলকভাবে অনেক বেশি।
২০২৪ সালে মাদক অপরাধে কার্যকর হওয়া ১২২টি মৃত্যুদণ্ডের মধ্যে ৯২ জনই ছিলেন বিদেশি নাগরিক। ২০২৫ সালে একই ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২৪০ জনের মধ্যে অন্তত ১৮৮ জন বিদেশি ছিলেন।
ইএসওএইচআরের হিসাবে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে নথিবদ্ধ ১০৮টি মৃত্যুদণ্ডের মধ্যে ৫৯ জন ছিলেন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে বাংলাদেশসহ ১৭টি দেশের নাগরিক রয়েছেন।
এই বৈষম্য নিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থাও উদ্বেগ জানিয়েছে। ২০২৩ সালে জাতিসংঘের বর্ণবৈষম্য বিলোপ কমিটি মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং স্থগিতাদেশের আহ্বান জানায়। জাতিসংঘের দুই বিশেষ র্যাপোর্টিয়ারও সৌদি সরকারকে পাঠানো যৌথ চিঠিতে বিদেশিদের বিরুদ্ধে মাদক অপরাধে মৃত্যুদণ্ডের বৈষম্যমূলক প্রয়োগের আশঙ্কার কথা উল্লেখ করেন।
কারাগারের পরিবেশ নিয়েও অভিযোগ
মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা বন্দীদের কারাগারের পরিবেশ নিয়েও উদ্বেগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, কিছু কারাগারে অতিরিক্ত ভিড়, অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসাসেবার ঘাটতি এবং প্রশাসনিক অবহেলা দেখা যায়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাবুক কারাগারে বন্দীদের অস্বাস্থ্যকর, গাদাগাদি ও বাতাস চলাচলহীন কক্ষে রাখার অভিযোগ ওঠে। ওই বছরের ১৮ ফেব্রুয়ারি কয়েকজন বন্দী অনশন শুরু করেন। পরিবারের সঙ্গে যোগাযোগে বাধা এবং চিকিৎসার জন্য স্থানান্তরের সময় হাতকড়া পরিয়ে খালি পায়ে হাঁটানোর মতো আচরণের প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি নেন বলে জানা গেছে।
ইএসওএইচআরের সঙ্গে কথা বলা কিছু বন্দী জানিয়েছেন, তাঁরা প্রতিনিয়ত মৃত্যুদণ্ড কার্যকরের আতঙ্কে থাকেন। সাম্প্রতিক সময়ে তাঁরা দেখেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন বন্দীকে হঠাৎ আলাদা করে রাখা হয়েছে এবং বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করার পর তাঁদের সাজা কার্যকর করা হয়েছে।
এই পরিস্থিতিতে বন্দী ও তাঁদের পরিবারের জন্য নির্ভরযোগ্য তথ্য, আইনি সহায়তা এবং মানসিক সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ে।
আন্তর্জাতিক আইন ও সৌদি আরবের দায়বদ্ধতা
২০২৪ সালে জাতিসংঘের সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনায় সৌদি আরবের মৃত্যুদণ্ড ব্যবস্থার বিষয়ে অন্তত ৩৫টি সুপারিশ দেওয়া হয়েছিল। কয়েকটি দেশ আনুষ্ঠানিক স্থগিতাদেশের মাধ্যমে মৃত্যুদণ্ড বিলোপের পথে এগোনোর আহ্বান জানায়। আর্জেন্টিনা ১৮ বছরের কম বয়সে সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড স্পষ্টভাবে নিষিদ্ধ করার সুপারিশ করে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবকে মৃত্যুদণ্ডের প্রয়োগে বৈষম্য নিয়ে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানিয়েছে। নির্যাতনবিরোধী কনভেনশনের সদস্যরাষ্ট্র হিসেবে সৌদি আরবের দায়িত্ব রয়েছে নির্যাতন প্রতিরোধ করা এবং নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তি বিচারপ্রক্রিয়ায় ব্যবহার না করা নিশ্চিত করা।
শিশু অধিকার সনদসহ আন্তর্জাতিক চুক্তির অধীনেও দেশটির কিছু বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর মতে, মৃত্যুদণ্ড কার্যকরের সাম্প্রতিক প্রবণতা এসব অঙ্গীকারের বাস্তব প্রয়োগ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
২০২৬ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যান বলছে, মৃত্যুদণ্ড কার্যকরের উচ্চ হার অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে বিপুলসংখ্যক সাজা, রাজনৈতিক অভিযোগে মৃত্যুদণ্ডের আশঙ্কা, নির্যাতনের অভিযোগের যথাযথ তদন্ত না হওয়া এবং পরিবারকে আগাম না জানানোর ঘটনা আন্তর্জাতিক সমালোচনাকে আরও জোরালো করছে।
সৌদি আরবের বিচারব্যবস্থা নিয়ে বিতর্কের কেন্দ্রে তাই শুধু মৃত্যুদণ্ডের সংখ্যা নয়; বরং অপরাধের সংজ্ঞা, বিচারকের ক্ষমতা, আসামির অধিকার এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতাও রয়েছে। বিশেষ করে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ভাষাগত বাধা, আইনি সহায়তার সীমাবদ্ধতা ও পরিবারের সঙ্গে যোগাযোগের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
হুসেইন আবু আল-খায়েরের বোন অ্যামনেস্টিকে জানিয়েছিলেন, তাঁর ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ‘নয় বছরের নির্যাতনের পর’। সেই যন্ত্রণা শুধু বন্দীকেই নয়, তাঁর স্ত্রী, সন্তান ও পুরো পরিবারকেও বহন করতে হয়েছে। মরদেহ ফেরত না পাওয়ায় পরিবারের পক্ষে শেষ বিদায় জানানোর সুযোগও ছিল না।
মৃত্যুদণ্ডের আইন, আদালতের ক্ষমতা এবং সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে দীর্ঘ বিতর্কের পরও তাই একটি মৌলিক প্রশ্ন থেকে যায়—যে দেশে সর্বোচ্চ সাজা এত ব্যাপকভাবে কার্যকর হচ্ছে, সেখানে একজন বন্দীর ন্যায্য বিচার পাওয়ার অধিকার এবং তাঁর পরিবারের শেষ খবরটুকু জানার নিশ্চয়তা কতটা সুরক্ষিত?