যে ছয় বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ
সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো কূটনৈতিক পত্রে ছয়টি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
প্রথমত, দুই বাংলাদেশির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী ছিল, অপরাধের ঘটনাগুলো কখন ও কোথায় ঘটেছিল এবং তাঁদের কবে গ্রেপ্তার করা হয়েছিল—তা জানতে চেয়েছে ঢাকা।
দ্বিতীয়ত, তাঁদের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে, যাতে অভিযোগ, বিচারিক সিদ্ধান্ত ও সাজা সম্পর্কে বিস্তারিত জানা যায়।
তৃতীয়ত, মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। প্রকাশ্যে তলোয়ার দিয়ে শিরশ্ছেদের মাধ্যমে সাজা কার্যকর করা হয়েছে, নাকি অন্য কোনো পদ্ধতি অনুসরণ করা হয়েছে—তা জানতে চাওয়া হয়েছে।
চতুর্থত, মৃত্যুদণ্ড কার্যকরের পর দুই বাংলাদেশির মরদেহ কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
পঞ্চমত, তাঁদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে, নাকি সৌদি আরবেই দাফন করা হয়েছে—তা নিশ্চিত করতে বলেছে ঢাকা।
ষষ্ঠত, তদন্ত ও বিচার চলাকালে তাঁদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না এবং তাঁরা নিজেরা আইনি সহায়তা চেয়েছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ।
চিঠিতে দ্রুত এসব প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, মৃত্যুদণ্ড কার্যকরের আগে ও পরে পুরো প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না। বিশেষ করে দুই নাগরিকের আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছিল কি না, তা এখনো অজানা।
অভিযোগের বিবরণে কেন তৈরি হয়েছে অস্পষ্টতা
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ নিয়মিত দেশটিতে আটক ও দণ্ডিত বাংলাদেশি নাগরিকদের তালিকা ঢাকায় পাঠায়। গত সেপ্টেম্বরের তালিকায় নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের নামও ছিল। ওই তালিকায় একজনের বিরুদ্ধে ‘ব্যভিচার’ এবং অন্যজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধের অভিযোগের উল্লেখ ছিল। তবে তাঁদের বিরুদ্ধে কী সাজা নির্ধারণ করা হয়েছিল, তা স্পষ্টভাবে জানানো হয়নি।
অন্যদিকে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে মক্কার একটি মসজিদ কমপ্লেক্সে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। তালিকায় উল্লেখ করা অভিযোগ এবং মন্ত্রণালয়ের বিবৃতিতে দেওয়া তথ্যের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ফলে প্রকৃত অভিযোগ ও বিচারিক সিদ্ধান্ত যাচাই করতে আদালতের রায়ের অনুলিপি চেয়েছে বাংলাদেশ।
১৯ অক্টোবরের বৈঠকেও বাংলাদেশের কনসাল জেনারেল মৃত্যুদণ্ড কার্যকরের আগে কেন বাংলাদেশকে বিস্তারিত তথ্য জানানো হয়নি, সে প্রশ্ন তোলেন।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, আগে থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া গেলে বাংলাদেশ মিশন দুই নাগরিকের জন্য আইনি সহায়তার ব্যবস্থা, আপিলের সুযোগ যাচাই এবং প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে পারত।
বন্দিদের তালিকায় ছিল আরও ২০ বাংলাদেশির নাম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর সৌদি আরব প্রায় আড়াই হাজার বন্দির একটি তালিকা বাংলাদেশকে পাঠিয়েছিল। ওই তালিকায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশিসহ মোট ২২ জন বাংলাদেশি নাগরিকের দণ্ডিত হওয়ার তথ্য ছিল। তবে তাঁদের সুনির্দিষ্ট সাজা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
এ কারণে তালিকায় থাকা বাকি ২০ বাংলাদেশির বিরুদ্ধে কী ধরনের শাস্তি দেওয়া হয়েছে, সে সম্পর্কেও তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় সাংবাদিকদের বলেছিলেন, দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগের পর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকার হতাশ। সৌদি আরব থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিম্ন আদালত ও আপিল আদালতে বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর চলতি মাসে তাঁদের সাজা কার্যকর করা হয়েছে।
তবে আদালতের রায়ের অনুলিপি, অভিযোগের পূর্ণ বিবরণ এবং আইনজীবীর সহায়তা পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য না আসা পর্যন্ত বিচারপ্রক্রিয়ার সব দিক নিশ্চিত হওয়া সম্ভব নয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই নাগরিকের মৃত্যুদণ্ড নিয়ে পাঠানো কূটনৈতিক পত্রের জবাব এখনো আসেনি। পাশাপাশি অন্য ২০ বাংলাদেশির সাজা সম্পর্কে তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। এখন সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাবের ওপরই নির্ভর করছে ঘটনাটির বিস্তারিত চিত্র স্পষ্ট হওয়া।