কোটি কোটি ডলারের অ্যাকাউন্ট নিয়ে কী দাবি
ভ্যানিটি ফেয়ারের প্রতিবেদনটি সাংবাদিক ম্যাথিউ কোলের প্রকাশিতব্য বই প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদস সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট থেকে নেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
বইটিতে দাবি করা হয়েছে, ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় ডাচ গোয়েন্দারা কুশনারের আইফোনের কার্যক্রম পর্যবেক্ষণ করে জানতে পারেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেছিলেন। ওই অ্যাকাউন্টে আজারবাইজানের একটি ব্যাংক থেকে কোটি কোটি ডলার এসেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত সরকারের অর্থায়নে পরিচালিত দাতব্য সংস্থা ওয়াতানি আল এমারাট ফাউন্ডেশনের নামে ফার্স্ট আবু ধাবি ব্যাংকে থাকা একটি অ্যাকাউন্টে প্রায় ৭৫০ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়েছিল। কুশনার ওই অ্যাকাউন্টের স্বাক্ষরকারী ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে স্বাক্ষরকারী হওয়ার অর্থ অ্যাকাউন্টটির মালিক হওয়া নয়।
ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন তাহনুন বিন জায়েদ, যিনি সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদের ভাই।
প্রতিবেদনটিতে আরও অভিযোগ করা হয়েছে, মোহাম্মদ বিন জায়েদ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে একটি গোপন তহবিল গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত না হলেও কুশনারের জন্য দুটি অ্যাকাউন্টে অন্তত ২ বিলিয়ন ডলার রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
সৌদি ও ইসরায়েলি নেতৃত্বের নামও প্রতিবেদনে
প্রতিবেদনে আরও একটি অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, যার মাধ্যমে সৌদি রাজপরিবার কুশনারের ব্যক্তিগত সুবিধার জন্য ১ বিলিয়ন ডলার স্থানান্তর করেছিল বলে অভিযোগ রয়েছে।
এতে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান অর্থ স্থানান্তরের ব্যবস্থা করেছিলেন। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কুশনারকে অর্থটি ইসরায়েলে জমা রাখার পরামর্শ দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কুশনার তৎকালীন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যানের মাধ্যমে নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করা হয়েছে।
তবে এসব কথিত লেনদেনের বিষয়ে প্রকাশ্যে কোনো যাচাইযোগ্য আর্থিক নথি পাওয়া যায়নি। অভিযোগগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অন্যায়ের প্রমাণ হিসেবেও প্রতিষ্ঠিত হয়নি।
কুশনারের পাল্টা বক্তব্য
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে কুশনার অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছেন। তাঁর ভাষ্য, অনুসন্ধানী সাংবাদিকতার নামে মনগড়া ও পক্ষপাতদুষ্ট কাহিনি প্রকাশ করা হয়েছে।
তিনি দাবি করেন, প্রতিটি অভিযোগের বিরুদ্ধে রেকর্ড থাকা সত্ত্বেও লেখক কোনো দাবির সমর্থনে সামান্য প্রমাণও হাজির করতে পারেননি। তাঁর মতে, প্রতিবেদনে কোনো ব্যাংক স্টেটমেন্ট, অর্থ স্থানান্তরের রেকর্ড, অ্যাকাউন্ট নম্বর, লেনদেনের তারিখ কিংবা অন্য কোনো যাচাইযোগ্য তথ্য নেই।
কুশনার আরও বলেন, ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনের সময় তিনি বিশ্বের সবচেয়ে বেশি নজরদারিতে থাকা ব্যক্তিদের একজন ছিলেন। ওই সময়ে তাঁকে ব্যাপক গণমাধ্যমের অনুসন্ধান, কংগ্রেসের একাধিক তদন্ত এবং বিশেষ তদন্তের মুখোমুখি হতে হয়েছিল।
তিনি বলেন, এসব তদন্তে স্বেচ্ছায় সহযোগিতা করেছেন এবং ৩০ ঘণ্টারও বেশি সময় সাক্ষ্য দিয়েছেন। তাঁর দাবি, কথিত লেনদেনের কোনো ঘটনা ঘটেনি বলেই তদন্তগুলোতে এমন অভিযোগ সামনে আসেনি।
আইনজীবীরও একই অবস্থান
কুশনারের আইনজীবী চ্যাড মিজেলও অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলেছেন। এক্সে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, বিষয়টি স্মৃতির পার্থক্য বা ব্যাখ্যার ভিন্নতা নয়; বরং প্রতিবেদনে উল্লেখ করা ব্যাংক অ্যাকাউন্টগুলোরই অস্তিত্ব নেই।
তাঁর মতে, যথাযথ প্রমাণ ছাড়াই এমন গুরুতর অভিযোগ তোলা হয়েছে, যা মানহানিকর।
বর্তমানে ৪৫ বছর বয়সী কুশনার ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের স্বামী। ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনেও তিনি বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক শান্তি উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছেন।