ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁদের মধ্যে ৭১ জন মাদক-সংশ্লিষ্ট অপরাধে, ২৫ জন হত্যার দায়ে, ৯ জন রাজনৈতিক ও নিরাপত্তা-সংশ্লিষ্ট অপরাধে এবং তিনজন অন্যান্য অপরাধে দণ্ডিত ছিলেন।
এ হিসাবে, ওই ছয় মাসে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের প্রায় ৬৬ শতাংশই ছিল মাদক-সংশ্লিষ্ট অপরাধে। দণ্ডিতদের মধ্যে ৫৯ জন বিদেশি নাগরিক এবং ৪৯ জন সৌদি নাগরিক ছিলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত ২২ জুন প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, সে সময় পর্যন্ত সৌদি আরবে ৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। তাঁদের মধ্যে অন্তত ৬১ জন মাদক-সংশ্লিষ্ট অপরাধে দণ্ডিত ছিলেন। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
যেসব অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে
সৌদি আরবের বিচারব্যবস্থা শরিয়াহভিত্তিক বিধান, লিখিত আইন ও রাজকীয় আদেশের সমন্বয়ে পরিচালিত হয়। অপরাধের ধরন, প্রমাণ এবং প্রযোজ্য আইনের ভিত্তিতে সাজা নির্ধারণ করা হয়।
দেশটিতে মাদক আমদানি ও পাচারের মতো গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে মাদক-সংশ্লিষ্ট সব অপরাধে একই ধরনের শাস্তি দেওয়া হয় না। অপরাধের প্রকৃতি ও আইনি বিধান অনুযায়ী কারাদণ্ড, জরিমানা কিংবা কঠোরতর সাজা হতে পারে।
ইচ্ছাকৃত হত্যার ঘটনায় কিসাসের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব। তবে নির্দিষ্ট শর্তে নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা ক্ষমা করলে কিংবা ক্ষতিপূরণ গ্রহণ করলে মামলার পরিণতি বদলে যেতে পারে।
এ ছাড়া সন্ত্রাসবাদ, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং গুরুতর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
এএফপির ১৮ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়, পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ ছিল।
মৃত্যুদণ্ডের প্রয়োগ নিয়ে মানবাধিকার সংস্থার উদ্বেগ
সৌদি আরবে মৃত্যুদণ্ডের ব্যাপক প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। বিশেষ করে মাদক-সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের প্রবণতা নিয়ে সমালোচনা রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, মাদক-সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থাটি সব ধরনের অপরাধের ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।
ইএসওএইচআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ১০৮ জনের মধ্যে ৮৩ জনের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ ছিল না। সংস্থাটির মতে, এ পরিসংখ্যান দেশটিতে মৃত্যুদণ্ডের ব্যাপক প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে।
অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষের অবস্থান হলো, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় মৃত্যুদণ্ড গুরুত্বপূর্ণ শাস্তি। এএফপির প্রতিবেদনে দেশটির কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, আপিলের সব আইনি সুযোগ শেষ হওয়ার পরই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।