সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা মার্শাল দ্বীপপুঞ্জও চুক্তির বিরোধিতা করেছে। দেশটির প্রতিনিধিরা জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে আপস করতে রাজি নন তাঁরা।
অন্যদিকে, রাশিয়া প্রস্তাবিত চুক্তিকে সমর্থন করেছে। এতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো উল্লেখ ছিল না। পাকিস্তান ও ঘানাও চুক্তির পক্ষে অবস্থান নেয়।
অর্থায়ন নিয়ে ধনী-দরিদ্র দেশের বিরোধ
সম্মেলনে বড় বিরোধ তৈরি হয় জলবায়ু অর্থায়ন নিয়েও। উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যা, খরা, তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ দিতে ধনী দেশগুলো যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না।
খসড়া প্রস্তাবে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিযোজন তহবিল তিন গুণ করার একটি রূপরেখা নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। তবে সেখানে নির্দিষ্ট অর্থের অঙ্ক উল্লেখ করা হয়নি।
খসড়ায় আরও বলা হয়, ২০৩৫ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ৩০০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অর্থায়নের চাহিদা ও প্রাপ্ত অর্থের মধ্যে বড় ব্যবধান থাকার বিষয়টিও তুলে ধরা হয়।
জীবাশ্ম জ্বালানি ছাড়ার বিকল্প উদ্যোগ
আনুষ্ঠানিক সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার বিষয়ে ঐকমত্য না হলেও ‘ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম ফসিল ফুয়েলস’ (টিএএফএফ) নামে পৃথক উদ্যোগ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
টুভালুর জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মাইনা তালিয়া জানিয়েছেন, সম্মেলনের চুক্তিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ থাকবে কি না, সেই বিতর্কের বাইরে গিয়ে উদ্যোগটি এগিয়ে নেওয়া হবে। বৈশ্বিক জ্বালানি রূপান্তরের জন্য এতে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে।
আয়ারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডসহ কয়েকটি দেশ ইতোমধ্যে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে জাতীয় পর্যায়ে পরিকল্পনা তৈরি করেছে।
তবে অ্যাকশনএইড ইউএসএর নীতি ও প্রচারণাবিষয়ক পরিচালক ব্র্যান্ডন উ সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁর মতে, উন্নত দেশগুলো আলোচনা ও সহযোগিতার ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা রাখেনি।
এবারের সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। খসড়া সিদ্ধান্তে তাপমাত্রা বৃদ্ধি যতটা সম্ভব সীমিত রাখা এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে দ্রুত ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
সাম্প্রতিক সময়ে ইউরোপে প্রাণঘাতী তাপপ্রবাহ এবং নেপালে হিমবাহ ধসের মতো ঘটনাও জলবায়ু ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। পাশাপাশি ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানির বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়েও আলোচনা জোরালো হয়েছে।