সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়াগামী কর্মীদের পাশাপাশি সৌদি আরব ও দুবাইগামী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলায় প্রথম দিন চাপ তুলনামূলক বেশি ছিল। প্রায় ১০০ জন নিবন্ধন করলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয় মাত্র ২৪ জনের। সার্ভারের সমস্যায় ফিঙ্গারপ্রিন্ট গ্রহণেও কিছুটা জটিলতা দেখা দেয়।
দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা করাতে আসা কর্মীদের কেউ কেউ দীর্ঘ অপেক্ষায় পড়েন। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ না হওয়ায় অনেককে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে থাকার পরিকল্পনা করতে হয়।
বগুড়া থেকে আসা লিমন জানান, সকালে মেডিকেল সেন্টারে এলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তার সিরিয়াল আসেনি। কাজের গতি কিছুটা ধীর বলে মনে হয়েছে। তবে কেন্দ্রের পরিবেশ ভালো বলে জানান তিনি।
মাগুরা থেকে আসা মেহেদি হাসান বলেন, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে সরকারি প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আবেদন করেছেন। একটি এজেন্সির মাধ্যমে মেডিকেল পরীক্ষা করাতে এসেছেন। সরকার নির্ধারিত ৮ হাজার টাকা ফি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
গ্রীনল্যান্ড মেডিকেল সেন্টারে রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে, প্রস্রাব পরীক্ষা ও সংক্রামক রোগ শনাক্তকরণসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কর্মীদের ভোগান্তি কমাতে এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতা ঠেকাতে সতর্ক থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সেন্টারে দায়িত্বে থাকা হোসেন আলী বলেন, প্রথম দিন হওয়ায় কর্মীদের চাপ বেশি। তবে সবাইকে প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা।
মেডিকেল সেন্টারের ইনচার্জ নেহাল আহমেদ জানান, প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পর সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার প্রতিবেদন দেওয়া হয়। কোনো জটিলতা দেখা দিলে কিছুটা বেশি সময় লাগতে পারে।
তিনি আরও জানান, প্রথম দিনে অতিরিক্ত চাপ এবং সার্ভারের সমস্যার কারণে কাজের গতি কিছুটা কম ছিল। বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণে সাময়িক জটিলতা দেখা দেয়। তবে পরবর্তী সময়ে কার্যক্রম আরও দ্রুত হবে বলে আশা করছেন তারা।
উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের অভিযোগে ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত করে মালয়েশিয়া সরকার। দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার পর নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
নতুন ব্যবস্থায় মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশের ২৫টি প্রধান রিক্রুটিং এজেন্সি, ৩১২টি সহযোগী এজেন্সি এবং সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে কর্মী পাঠানোর অনুমোদন দিয়েছে বলে জানানো হয়েছে।
নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, ৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল রিপোর্ট ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি কর্মী নিবন্ধনের অনলাইন প্ল্যাটফর্ম ‘মাইগ্রামস’ স্লিপের জন্য কোনো ফি নেওয়া যাবে না।
নির্ধারিত ফির বেশি টাকা দাবি কিংবা মেডিকেল সেন্টারে কোনো ধরনের হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
ঢাকার যেসব মেডিকেল সেন্টারে পরীক্ষা করা যাবে
রাজধানীর ১৭টি অনুমোদিত মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। সেগুলো হলো—
১. এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড
২. ফেমাস স্পেশালাইজড হসপিটাল
৩. গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড
৪. হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার
৫. ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
৬. আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার
৭. জান্নাহ মেডিকেল সার্ভিসেস
৮. ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক
৯. লিডিং হেলথ চেক আপ লিমিটেড
১০. পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড
১১. পুষ্প ক্লিনিক
১২. সানলাইট ডায়াগনস্টিক সেন্টার
১৩. ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড
১৪. মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড
১৫. ইউনিক্যার মেডিকেল সার্ভিসেস
১৬. ডায়নামিক ল্যাব
১৭. গ্রীনল্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড।