প্রতিমন্ত্রী বলেন, নভেম্বরের শুরুতে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হতে পারে। স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া দুই থেকে চার দিনের মধ্যে সম্পন্ন করা গেলে ১ নভেম্বর অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম ফ্লাইট পরিচালনা করা সম্ভব হতে পারে।
তিনি জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর জন্য দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে ইতিবাচক আলোচনা হয়েছে। কিছু কারিগরি কাজ বাকি থাকলেও নভেম্বর থেকে কর্মী পাঠানোর বিষয়ে সরকার আশাবাদী।
৩৩৮ নিয়োগকারী প্রতিষ্ঠানের তালিকা
মালয়েশিয়ার অনুমোদিত ৩৩৮টি বড় নিয়োগকারী প্রতিষ্ঠানের তালিকা পাওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র বা ডিমান্ড লেটার জমা দিতে শুরু করেছে।
মালয়েশিয়ার বিদেশি কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস এবং কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এসব চাহিদাপত্র জমা নেওয়া হচ্ছে।
তবে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক সত্যায়ন ছাড়া কোনো ডিমান্ড লেটার গ্রহণযোগ্য হবে না বলে জানান নুরুল হক নুর।
তিনি আরও জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার আলোচনার ভিত্তিতে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ ৩১ অক্টোবরের মধ্যে তালিকাটি চূড়ান্ত করে প্রকাশ করার আশ্বাস দিয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ওয়েবসাইটে তালিকাটি পাওয়া যাবে।
বেসরকারি এজেন্সির খরচও নির্ধারণ করবে সরকার
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি পর্যায়ে প্রচারিত বিভিন্ন ব্যয়ের তথ্যের ওপর নির্ভর না করে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বোয়েসেলের মাধ্যমে একজন কর্মীর মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হতে পারে। বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর খরচও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে নীতিমালার আওতায় নির্ধারণ করা হবে। এ ব্যয় কঠোরভাবে তদারকির ব্যবস্থাও নেওয়া হবে।
কর্মীরা বিনা খরচে মালয়েশিয়ায় যেতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একেবারে বিনা খরচে বিদেশে যাওয়া সম্ভব নয়। বিমানভাড়া, স্বাস্থ্য পরীক্ষা এবং বোয়েসেলের মতো সরকারি প্রতিষ্ঠানের নির্ধারিত সেবা ফি দিতে হবে। তবে কর্মীরা যেন সর্বনিম্ন ব্যয়ে বিদেশে যেতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য।
অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ
প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে। পরবর্তী সময়ে বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমেও কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এ সময় অনুমোদিত তালিকার বাইরে কোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা না করানোর জন্য কর্মীদের সতর্ক করেন তিনি। ভুয়া মেডিকেল সেন্টারের মাধ্যমে প্রতারণা এড়াতে সরকার প্রকাশিত তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দেন।
নুরুল হক নুর বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্ধারিত অভিবাসন ব্যয়ের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে ব্যক্তিগতভাবে প্রচারিত খরচের তথ্যের ভিত্তিতে কর্মীদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশি কর্মীদের জন্য। তবে কর্মী পাঠানোর নির্দিষ্ট তারিখ, চূড়ান্ত অভিবাসন ব্যয় এবং স্বাস্থ্য পরীক্ষার অনুমোদিত কেন্দ্রের তালিকা প্রকাশের পরই পুরো প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।