বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মো. মোখতার আহমেদের কাছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে স্মারকলিপি দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যরা।
স্মারকলিপিতে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন বায়রার সাবেক প্রতিনিধিরা।
তাদের দাবির মধ্যে রয়েছে, তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য বন্ধ করা এবং অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো।
এ ছাড়া নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত, সব যোগ্য মেডিকেল সেন্টার উন্মুক্ত এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবিও জানান তারা।
বায়রা প্রতিনিধিদের দাবিগুলো শুনে প্রবাসী কল্যাণ সচিব জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যেন সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার।
তিনি বলেন, দালাল ও প্রতারক চক্রের হাত থেকে সাধারণ কর্মীদের রক্ষায় মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।
ইতোমধ্যে অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ত্রিপল এ ওভারসিজ’-এর অফিস সিলগালা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।
সচিব আরও জানান, ঠিক কোন প্রক্রিয়ায় মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো শুরু হবে, সে বিষয়ে প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নিশ্চিত ও সঠিক তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।