বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে উৎপাদনশিল্প, খাদ্য ও কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ওষুধশিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে পরস্পরের সক্ষমতা কাজে লাগিয়ে ঝুঁকি মোকাবিলায় সক্ষম ও কার্যকর পণ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিল্পের বিকাশ, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রত্যাশা করা হচ্ছে।
তবে বিনিয়োগের লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশে ব্যবসা পরিচালনার পরিবেশ আরও উন্নত করা জরুরি বলে মনে করছে জাপান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
বিশেষ করে করব্যবস্থা, শুল্ক ছাড়করণ, অর্থ স্থানান্তর এবং লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় নিয়মকানুনের স্বচ্ছতা ও পূর্বানুমানযোগ্যতা বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। এসব ক্ষেত্রে কার্যকর সংস্কার হলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরকেও স্বাগত জানিয়েছেন দুই প্রধানমন্ত্রী। খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অঙ্গীকার বাস্তবায়ন এবং বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ ত্বরান্বিত করতে শিগগির একটি জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অর্থনৈতিক সংলাপ আয়োজন এবং যৌথ সরকারি-বেসরকারি অংশীদারি প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন দুই প্রধানমন্ত্রী। এই চুক্তি বাংলাদেশের শিল্পের বহুমুখীকরণ এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে মসৃণ ও টেকসই উত্তরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অবকাঠামো ও জ্বালানিতে বাড়বে সহযোগিতা
বিনিয়োগের পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি খাতেও সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে দুই দেশের। বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় বা বিগ-বি উদ্যোগের আওতায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলকে সরবরাহ, পরিবহন, জ্বালানি ও শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।
এ ছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি এগিয়ে নেওয়া এবং গণদ্রুত পরিবহনব্যবস্থার রেলপথ নির্মাণকাজ দ্রুত শুরুর বিষয়েও আলোচনা হয়েছে।
জ্বালানি নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৫০ বিলিয়ন জাপানি ইয়েন ঋণসহায়তা দেওয়ার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানির দক্ষ ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রধানমন্ত্রী।
সব মিলিয়ে, এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্যকে কেন্দ্র করে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক নতুন গতি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই বিনিয়োগের বাস্তবায়ন নির্ভর করবে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, সমঝোতাগুলোর কার্যকর বাস্তবায়ন এবং জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সিদ্ধান্তের ওপর।