আর্টিকেল ২৩-এ কোটা ছাড়াই যাওয়ার সুযোগ
ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল ২৩-এর আওতায় এ বিশেষ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এ বিধান অনুযায়ী, ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত প্রি-ডিপারচার প্রশিক্ষণ সম্পন্ন করা বিদেশি কর্মীরা নির্দিষ্ট শর্তে দেশটির প্রচলিত বার্ষিক কর্মী নিয়োগ কোটার বাইরে প্রবেশের সুযোগ পেতে পারেন।
এ ক্ষেত্রে বাংলাদেশ থেকেই প্রশিক্ষণ নেওয়া সম্ভব। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না। সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও নিয়োগকর্তারা এর ব্যয় বহন করবেন।
তিন বিষয়ে প্রশিক্ষণ বাধ্যতামূলক
ইতালিতে কাজের জন্য আগ্রহী কর্মীদের তিনটি বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।
১. ইতালীয় ভাষার প্রাথমিক শিক্ষা।
২. ইতালির সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক ব্যবস্থা সম্পর্কে ধারণা।
৩. সংশ্লিষ্ট পেশার কারিগরি ও ব্যবহারিক দক্ষতা অর্জন।
পেশাগত প্রশিক্ষণে কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের অধিকার এবং সংশ্লিষ্ট কাজের প্রয়োজনীয় দক্ষতাও অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের যোগ্যতা যাচাই করা হবে।
প্রথম পর্যায়ে চলছে দুটি প্রশিক্ষণ প্রকল্প
ঢাকার অনুষ্ঠানে বাংলাদেশে ইতোমধ্যে শুরু হওয়া আর্টিকেল ২৩-এর দুটি প্রশিক্ষণ উদ্যোগের তথ্য তুলে ধরা হয়। এর মধ্যে Frontiere Skills-এর TASTE প্রকল্পে রেস্টুরেন্ট ও হসপিটালিটি খাতের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে Format-এর উদ্যোগে টেক্সটাইল খাতের কর্মীদের দক্ষতা উন্নয়নের কার্যক্রম চলছে।
প্রকল্পগুলো ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও তদারকির আওতায় পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণার্থীদের ইতালীয় ভাষা শেখানোর পাশাপাশি নির্দিষ্ট খাতের কাজের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।
তিন বছরে প্রায় পাঁচ লাখ কর্মী নেবে ইতালি
এদিকে ইতালির সরকারি কর্মী নিয়োগ কর্মসূচি Decreto Flussi-এর আওতায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বছরভিত্তিক নিয়োগ পরিকল্পনা হলো—
২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন।
২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন।
২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন।
এসব কর্মী কৃষি, পর্যটনসহ বিভিন্ন মৌসুমি ও অমৌসুমি খাতে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশও এ কর্মসূচির আওতায় কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে।
তবে সাধারণ কোটা ব্যবস্থার নিয়োগ এবং আর্টিকেল ২৩-এর বিশেষ প্রশিক্ষণভিত্তিক নিয়োগ দুটি আলাদা প্রক্রিয়া।
বাংলাদেশ সরকারের পরিকল্পনা কী
অনুষ্ঠানে মাহদী আমিন বলেন, দক্ষ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইতালির এ প্রশিক্ষণ মডেলকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোতেও ইতালীয় ভাষা ও পেশাগত প্রশিক্ষণ যুক্ত করার বিষয় বিবেচনা করা হবে।
তিনি আরও জানান, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা ও আন্তর্জাতিক মানের পেশাগত প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দালালের মাধ্যমে আবেদন নয়
ইতালিতে যাওয়ার সুযোগকে কেন্দ্র করে প্রতারণার বিষয়ে সতর্ক করেছেন আয়োজকেরা। আর্টিকেল ২৩-এর আওতায় প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা থাকায় কোনো দালাল বা মধ্যস্থতাকারীকে অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ সম্পন্ন করলেই চাকরি বা ভিসা নিশ্চিত হবে না। ইতালির অনুমোদিত প্রকল্প, নিয়োগকর্তার চাহিদা, কর্মী নির্বাচন এবং ভিসার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
তাই আগ্রহীদের ইতালির দূতাবাস, বিএমইটি ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।