ভোটার তালিকা সংশোধনে বাদ পড়েছে কোটি কোটি নাম
রয়টার্স ১০টি পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, তাদের স্বজনদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক ও দেশ থেকে বিতাড়নের মতো পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। অথচ অনেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি রয়েছে। তাঁদের পরিবারের অন্য সদস্যদের নামও ভোটার তালিকায় বহাল আছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে চলতি বছরের শুরুতে বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সবার ইনস্টিটিউটের তথ্য বলছে, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশ মুসলিমদের। অথচ রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।
এ পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ভোটার তালিকা ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।
ভোটার তালিকা ও বিতাড়ন অভিযান নিয়ে বিতর্ক
গত ৫ নভেম্বর হরিয়ানার এক নির্বাচনি সমাবেশে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং অনুপ্রবেশকারীদের বিতাড়নের বিষয়টি একই বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, প্রথমে অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, পরে তাঁদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়া হবে।
বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযোগ সামনে এসেছে। দেশভাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দুই বাংলার মধ্যে বহু মানুষের যাতায়াত ও বসতি গড়ে ওঠায় সীমান্তের দুই পাশে অনেক পরিবারের আত্মীয়স্বজন রয়েছেন। ফলে নাগরিকত্বের বিষয়টি সেখানে দীর্ঘদিন ধরেই সংবেদনশীল।
সাহিদাকে ফেরাতে আদালতে স্বামীর লড়াই
সাহিদার ভাষ্য অনুযায়ী, রাত প্রায় একটার দিকে তাঁকে কাঁটাতারবিহীন একটি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। কয়েক ঘণ্টা কাদামাখা পথে হাঁটার পর এক কৃষক তাঁকে দেখতে পেয়ে নিজের বাড়িতে আশ্রয় দেন।
অন্যদিকে মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে আসাম সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আদালতের নথি অনুযায়ী, একই অভিযানে বাংলাদেশি হিসেবে শনাক্ত আরও ১৪৮ জনের সঙ্গে সাহিদাকেও পাঠানো হয়েছিল।
স্ত্রীকে দেশে ফিরিয়ে নিতে ভারতের সুপ্রিম কোর্টে আইনি লড়াই করছেন তাঁর স্বামী জুম্মান। গত আগস্টে করা আবেদনে পরিবারটির বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। যথাযথ যাচাই ছাড়া কাউকে দেশ থেকে বের করে দেওয়ার সুযোগ নেই।
রয়টার্সের পর্যালোচনা করা নথিতে দেখা গেছে, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার ছিলেন। তাঁর নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে ভোটার তালিকায় ছিল।
তবে মুম্বাইয়ের বিদেশি নিবন্ধন কার্যালয় কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি। এ অভিযোগ অস্বীকার করে সাহিদার দাবি, পুলিশ তাঁর ফোন নিয়ে নেওয়ায় প্রয়োজনীয় নথি দেখানোর সুযোগ পাননি।
ভোটার তালিকায় নাম না থাকায় ৩২ দিন আটক
একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন ফেরিওয়ালা নাসিরুদ্দিন শেখ। কলকাতা হাইকোর্টে করা আবেদনে তিনি ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তাঁদের আপিল বিচারাধীন থাকা অবস্থায় আটক করা হয়েছিল।
নাসিরুদ্দিনের ভাষ্য, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাঁকেসহ ২২ জনকে আটক করে। তাঁদের মধ্যে ১৯ জনের নাম সংশোধিত ভোটার তালিকায় পাওয়া যাওয়ায় ১৪ দিন পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু তালিকায় নাম না থাকায় তাঁকে ও অন্য তিনজনকে ৩২ দিন আটকে রাখা হয়।
নাসিরুদ্দিনের দাবি, এক পুলিশ কর্মকর্তা তাঁকে বলেছিলেন, ভোটার তালিকায় নাম নেই, তাই তিনি বাংলাদেশি। পরে আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাঁকেও মুক্তি দেওয়া হয়।
আটককেন্দ্রে ৬০ জনের বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল বলে জানান তিনি। সেখানে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা ও আঙুলের ছাপ নেওয়া হয়েছিল। বাইরে যাওয়ার কোনো সুযোগও ছিল না।
তবে পশ্চিমবঙ্গে স্থায়ী কোনো আটককেন্দ্র নেই বলে কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন পুলিশ ও সরকারি আইনজীবীরা। অন্যদিকে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশিদের জন্য তৈরি একটি অস্থায়ী কেন্দ্রে মানুষের অবস্থানের আলামত পেয়েছেন রয়টার্সের সাংবাদিকেরা।
মানবাধিকারকর্মী কিরীটী রায়ের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন। কিন্তু ট্রাইব্যুনালগুলোতে মামলার নিষ্পত্তি হচ্ছে ধীরগতিতে। ফলে ন্যায়বিচারের অপেক্ষায় থাকতে হচ্ছে ভুক্তভোগীদের।