নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের ভিসার মূল বিভাগ ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হচ্ছে। উপ-বিভাগের সংখ্যা ৪৯ থেকে কমে দাঁড়াবে ২৩টিতে। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যকে এক শ্রেণিতে এনে এই পরিবর্তন করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরেও ভিসা ব্যবস্থায় সংস্কার এনেছিল ভারত। তখন মূল বিভাগের সংখ্যা ২২ থেকে ১৩ এবং উপ-বিভাগ ৬৩ থেকে ৪৯-এ নামিয়ে আনা হয়।
ট্যুরিস্ট ভিসার বদলে ভিজিটর ভিসা
নতুন ব্যবস্থায় ভিজিটর ভিসাকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—V-1 ও V-2। দুই ধরনের ভিসার মেয়াদ ও ব্যবহারের ক্ষেত্রও আলাদা।
V-1 ভিসা মূলত স্বল্পমেয়াদি সফরের জন্য। এর মেয়াদ ৩০ দিন এবং একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। এই ভিসায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ওয়েলনেস রিট্রিট, যোগব্যায়াম, সংগীত ও ভারতীয় ভাষা শেখার সুযোগ থাকবে।
অন্যদিকে, V-2 ভিসা তুলনামূলক দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে ইচ্ছুক বিদেশিদের জন্য। যোগ্যতা ও শর্ত অনুযায়ী এ ভিসার মেয়াদ হতে পারে এক বছর, পাঁচ বছর কিংবা ১০ বছর। দীর্ঘ সময় অবস্থানের প্রয়োজন হয়—এমন বিদেশি পর্বতারোহীদের বিষয়টিও এই শ্রেণিতে বিবেচনায় রাখা হয়েছে।
তবে দীর্ঘমেয়াদি ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। চাইলেই প্রত্যেকে পাঁচ বা ১০ বছরের ভিসা পাবেন, এমন নয়।
আবেদনপত্রে কমবে তথ্যের চাপ
ভিসা আবেদন সহজ করতে আবেদনপত্রের তথ্যের ঘরও উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নতুন কাঠামোয় আবেদনপত্রের তথ্যের পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হবে।
ফলে আবেদনকারীদের আগের তুলনায় কম তথ্য দিতে হবে। অপ্রয়োজনীয় প্রশ্ন বাদ দিয়ে প্রয়োজনীয় তথ্যের ওপর গুরুত্ব দেওয়া হবে। এতে আবেদন প্রক্রিয়ায় সময় ও ভোগান্তি কমবে বলে আশা করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কবে থেকে কার্যকর হবে
নতুন ভিসা কাঠামোর ঘোষণা দেওয়া হলেও তা এখনই কার্যকর হচ্ছে না। এ জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। সংশ্লিষ্ট কাজ শেষ হলে ২০২৬ সালের শেষ দিকে নতুন নিয়ম চালুর পরিকল্পনা রয়েছে।
তত দিন পর্যন্ত আগের ভিসা ব্যবস্থাই বহাল থাকবে।
পর্যটন ও ব্যবসায় মিলতে পারে সুবিধা
নতুন নিয়ম কার্যকর হলে পর্যটনের পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও ওয়েলনেস খাতে ভারতে আসতে আগ্রহী বিদেশি নাগরিকেরা সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে এক সফরে একাধিক উদ্দেশ্যে ভারতে যেতে চাইলে আলাদা ভিসার প্রয়োজনীয়তা কমবে।
ভিসার ধরন ও আবেদনপত্রের জটিলতা কমানোর এই উদ্যোগ ভারতের পর্যটন ও আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ বাড়াতেও ভূমিকা রাখতে পারে।