আন্দোলনে শিক্ষার্থী, শ্রমিক, বিভিন্ন পেশার মানুষ ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা অংশ নেন। প্যারিসের পাশাপাশি লিঁও, মার্সেই, নিস, বোর্দো ও তুলুজসহ একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েকটি স্থানে মিছিলের শেষ দিকে উত্তেজনা বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, শনিবারের কর্মসূচি থেকে প্রায় এক হাজার মানুষকে আটক করা হয়েছে। এর আগের সপ্তাহে একই ধরনের বিক্ষোভে আটক হয়েছিলেন ৩৮৫ জন। শনিবারের অভিযানে আটক ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
শিক্ষা খাতের অসন্তোষ থেকে দেশজুড়ে আন্দোলন
গত মাসে প্যারিসের একটি বিদ্যালয়ে শিক্ষকস্বল্পতা ও শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদের মধ্য দিয়ে আন্দোলনের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে এতে যুক্ত হন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের অভাব, সরকারি পরিষেবার ঘাটতি এবং কর্মসংস্থানের সংকট আন্দোলনকে আরও বিস্তৃত করে।
এর আগে ১৭ অক্টোবরের বিক্ষোভে কয়েকটি শহরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এবার একই ধরনের পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে সরকার। প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয় হেলিকপ্টার, সাঁজোয়া যান, বিশেষায়িত পুলিশ ইউনিট ও জলকামান।
প্যারিসে বিধিনিষেধ, বন্ধ দোকান ও মেট্রো স্টেশন
রাজধানী প্যারিসে বিক্ষোভের মিছিল কোন পথে যাবে, তা নিয়ে আয়োজক ও কর্তৃপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। শহরের কেন্দ্রীয় কিছু এলাকায় মিছিল নিষিদ্ধ করে বিক্ষোভের রুট দক্ষিণ-পূর্ব প্রান্তে সীমিত রাখে প্রশাসন। এতে আন্দোলনকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
নিরাপত্তার কারণে প্যারিসের বেশ কিছু দোকান বন্ধ রাখা হয়। বিলাসপণ্যের দোকানগুলোর কাচও সুরক্ষামূলক প্যানেল দিয়ে ঢেকে দেওয়া হয়। একই সঙ্গে অন্তত ২৪টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। ল্যুভর ও ওরসে জাদুঘরসহ কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানও কার্যক্রম বন্ধ রাখে।
প্যারিসে মিছিলের শেষ পর্যায়ে মুখোশধারী কয়েকটি দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ও আতশবাজি নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। মার্সেইসহ কয়েকটি শহরে ময়লার পাত্রে আগুন দেওয়া এবং দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া গেছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজের দাবি, আগের সপ্তাহের তুলনায় এবার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা কম ঘটেছে।
ইউরোপের অন্য দেশেও বিক্ষোভ
ফ্রান্সের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশেও বিক্ষোভ ও নিরাপত্তা জোরদারের খবর পাওয়া গেছে। ইতালির রোম, মিলান ও নেপলস, বেলজিয়ামের ব্রাসেলস এবং আলবেনিয়ার রাজধানী তিরানায় বিক্ষোভ হয়েছে। এসব শহরের কয়েকটি স্থানেও সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
আন্দোলনকারীদের দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। এরই অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর নতুন করে ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছে ফ্রান্সের শ্রমিক সংগঠন সিজিটি।