গত ৫ সেপ্টেম্বর গ্রিসে পৌঁছান সেলিম। দেশে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও কাজ ও ব্যবসার ব্যস্ততায় ফেরার কথা ছিল তার। কিন্তু গ্রিসে পৌঁছানোর পরপরই শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে নিজেই এথেন্সের একটি হাসপাতালে ভর্তি হন।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কথা জানান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত ৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সেলিমের মৃত্যু প্রবাসজীবনের এক কঠিন বাস্তবতা সামনে নিয়ে আসে। দেশে ছুটি কাটিয়ে প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে যে মানুষটি জীবিকার তাগিদে বিদেশে ফিরেছিলেন, তার আর স্বজনদের কাছে ফিরে যাওয়া হলো না।
এ প্রসঙ্গে কমিউনিটি নেতা তাজুল ইসলাম বলেন, প্রবাসে অনেক বাংলাদেশি একা থাকেন। কাজ ও ব্যবসার ব্যস্ততায় অনেক সময় নিজেদের শারীরিক অসুস্থতার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখেন না। আবার কারও সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলে তিনি বিপদে পড়েছেন কি না, সেটিও সহজে বোঝা যায় না। প্রবাসীদের উচিত একে অপরের খোঁজখবর রাখা এবং অসুস্থ হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের সিজান মিয়ার বয়স হয়েছিল ৩৫ বছর। ২০১৯ সালে জীবিকার সন্ধানে গ্রিসে পাড়ি জমিয়েছিলেন তিনি। স্বপ্ন ছিল পরিবারের সচ্ছলতা ফেরানোর এবং আট বছরের ছেলের ভবিষ্যৎ নিশ্চিত করার।
সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন সিজান। স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে গত ৩ অক্টোবর আবারও গ্রিসের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। পরদিন পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন তিনি গ্রিসে পৌঁছানোর কথা জানিয়েছিলেন। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি স্বজনরা।
একপর্যায়ে গ্রিসে থাকা পরিচিতজনদের মাধ্যমে পরিবার জানতে পারে, ৭ অক্টোবর রাতে এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিজান। তার মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ দূতাবাস। পরে ২৫ অক্টোবর মরদেহ ঢাকায় পৌঁছালে তা নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে।
ভোর ৪টায় ঢাকায় পৌঁছানো মরদেহের জানাজা অনুষ্ঠিত হয় দুপুর ২টায় বৈঠাখাল গ্রামের মসজিদ মাঠে। পরে তাকে দাফন করা হয়।
যে মানুষটি পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন, তার শেষযাত্রায় সেই পরিবারের সদস্যদেরই কাঁধে নিতে হলো মরদেহ। আট বছরের সন্তানটির কাছে বাবার এই বিদায় যে গভীর শূন্যতা তৈরি করেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
গ্রিসের বন্দরনগরী পেরাইয়াসে একটি মুদি দোকান পরিচালনা করতেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা কোরবান আলী। দুই দশকেরও বেশি সময় ধরে দেশটিতে বসবাস করছিলেন তিনি। প্রবাসে নিজের ব্যবসা গড়ে তুললেও জীবনের শেষ অধ্যায়টি কেটেছে নিঃসঙ্গতায়।
গত ৯ অক্টোবরের পর থেকে তার দোকানটি বন্ধ ছিল। দোকানের ভেতরে একটি কক্ষে রাত কাটাতেন কোরবান আলী। কয়েক দিন ধরে দোকান বন্ধ থাকায় একপর্যায়ে ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবর পেয়ে ২০ অক্টোবর পুলিশ সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তখন মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।
কোরবান আলীর দেশে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রবাসের মাটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি। কিন্তু তার মৃত্যুর খবর সামনে আসে দোকান বন্ধ থাকা এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর। বর্তমানে তার মরদেহ এথেন্সের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এ প্রসঙ্গে নোয়াখালী সমিতি ইন গ্রিসের সভাপতি হাফেজ আহমেদ বলেন, প্রবাসে পরিবারের কাছ থেকে দূরে থাকেন বাংলাদেশিরা। বিপদে-আপদে অনেক সময় পরিচিতজন ও কমিউনিটির মানুষই প্রথম ভরসা হয়ে ওঠেন। তাই কারও দীর্ঘদিন খোঁজ না পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। বিশেষ করে যারা একা থাকেন, তাদের নিয়মিত খোঁজখবর রাখা জরুরি।
গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের অনেকেই দীর্ঘদিন ধরে কাজ, ব্যবসা ও পরিবারকে সহায়তা করার মধ্য দিয়ে নিজেদের জীবন গড়ে তুলেছেন। কেউ রেস্তোরাঁয় কাজ করেন, কেউ নির্মাণশ্রমিক, আবার কেউ ছোট ব্যবসা পরিচালনা করে দেশে থাকা পরিবারের খরচ বহন করেন। তাদের অনেকের জীবন কাটে দীর্ঘ কর্মঘণ্টা, আর্থিক দায়িত্ব এবং স্বজনদের কাছ থেকে দূরে থাকার বাস্তবতায়।
তাদেরই তিনজনের মৃত্যু আবারও সামনে এনেছে প্রবাসে একাকিত্ব, স্বাস্থ্যঝুঁকি ও বিপদের সময় পাশে কাউকে না পাওয়ার বাস্তবতা। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে যাওয়া এই মানুষগুলোর ফিরে আসা হলো নিথর দেহে।