চাকরি ও স্থায়ী বসবাসের আশ্বাসে কানাডায় যাত্রা
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ওই বাংলাদেশি নারী নিজ দেশে প্রায় ১৮ বছর সরকারি চাকরি করেছেন। উন্নত জীবন ও ভবিষ্যতের আশায় তিনি কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁকে দেশটিতে রেস্তোরাঁয় চাকরি, বৈধভাবে কাজ করার অনুমতি এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
প্রতিশ্রুতিতে আস্থা রেখে কানাডায় যাওয়ার পর ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত সাসকাচুয়ান প্রদেশের গাল লেক ও টিসডেল এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় কাজ করেন তিনি। কিন্তু উন্নত জীবনের যে স্বপ্ন নিয়ে দেশটিতে গিয়েছিলেন, বাস্তবে তার উল্টো পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে।
দীর্ঘ কর্মঘণ্টা, বঞ্চিত মজুরি ও যৌন নির্যাতন
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই নারীকে সপ্তাহে ছয় দিন দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হতো। অথচ কাজের তুলনায় তাঁকে যথাযথ পারিশ্রমিক দেওয়া হয়নি। পাশাপাশি তাঁর ওয়ার্ক পারমিট নিয়েও অনিশ্চয়তা তৈরি করা হয়, যা তাঁকে আরও অসহায় অবস্থায় ফেলে।
একপর্যায়ে মোহাম্মদ মাসুম তাঁর পাসপোর্ট নিজের কাছে রেখে দেন। আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণে ওই নারীর ওপর একাধিকবার যৌন নির্যাতনের বিষয়টিও প্রমাণিত হয়।
চাকরি ও অভিবাসনসংক্রান্ত সুযোগের জন্য অন্যদের ওপর নির্ভরশীল থাকায় দীর্ঘ সময় ধরে শোষণমূলক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। বিদেশে ভালো জীবনের প্রত্যাশা শেষ পর্যন্ত তাঁর জন্য ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয়।
স্থানীয়দের সহায়তায় শোষণের পরিস্থিতি থেকে মুক্তি
পরবর্তী সময়ে সাসকাচুয়ানের এলরোজ এলাকার একটি রেস্তোরাঁয় কাজের অনুমতিপত্র নিয়ে যাওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। সেখানে স্থানীয় কয়েকজনের সহায়তায় ওই নারী শোষণ ও নির্যাতনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তিনি আইনি সহায়তা নেন।
ঘটনার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন আদালত।
কারাদণ্ডের পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের নির্দেশ
শুধু কারাদণ্ড নয়, ভুক্তভোগী নারীর পাওনা মজুরি পরিশোধেরও নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের নির্দেশনা অনুযায়ী, মোহাম্মদ মাসুমকে ১২ হাজার ২৬৮ কানাডীয় ডলার এবং সোহেল হায়দারকে ৫ হাজার ৮৮৫ কানাডীয় ডলার ১৬ সেন্ট পরিশোধ করতে হবে। দুই আসামির কাছ থেকে মোট ১৮ হাজার ১৫৩ কানাডীয় ডলার ১৬ সেন্ট আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।
‘জীবন ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’
আদালতে দেওয়া জবানবন্দিতে ভুক্তভোগী নারী জানান, এই ঘটনার প্রভাব তাঁর জীবন, সম্মান, ভবিষ্যৎ, পরিবার ও পেশাগত জীবনে গভীর ক্ষত তৈরি করেছে।
দীর্ঘদিনের শোষণ ও নির্যাতনের অভিজ্ঞতায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অন্যদের প্রতি আস্থা রাখার ক্ষেত্রেও আগের মতো স্বাভাবিক থাকতে পারছেন না বলে জানান তিনি।
এদিকে, ভুক্তভোগী নারীর ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে তাঁর পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।