গত ৭ মে ভালো বেতনের চাকরির আশায় মামুনসহ ৩০ বাংলাদেশি ঢাকা থেকে রাশিয়ায় যান। সেখানে ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাঁদের ১৬, ৮ ও ৬ জনের দলে ভাগ করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। তাঁদের অনেকেই ১২ ও ১৩ জুনের দিকে মারা যান বলে জানিয়েছেন বেঁচে ফিরে আসা দুজন। তাঁদের একজন নারায়ণগঞ্জের আদনান হোসেন, অন্যজন ঝিনাইদহের রাজন হোসেন।
যুদ্ধক্ষেত্রে আহত হয়ে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আদনান হোসেন। তাঁর পেটে স্প্লিন্টারের আঘাত লাগে এবং তিন দফা অস্ত্রোপচার করতে হয়। দেড় মাস বিছানায় কাটানোর পর হাসপাতালে আরও কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। টানা দুই মাস হাসপাতালে থাকার পর সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসে যান। পরে ট্রাভেল পাস নিয়ে গত ১৫ সেপ্টেম্বর দেশে ফেরেন।
আদনানের ভাষ্য, যুদ্ধে বাংলাদেশিদের মৃত্যুর তথ্য রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয় না। মরদেহও পরিবারের কাছে পাঠানো হচ্ছে না। সম্মুখযুদ্ধে গিয়ে কেউ আর ফিরে না এলে তাঁকে নিখোঁজ হিসেবে দেখানো হয়। তাঁর মতে, যুদ্ধক্ষেত্র থেকে নিখোঁজ হওয়ার অর্থই মৃত্যু।
এদিকে যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশি কর্মীদের রাশিয়ায় পাঠানোর বিষয়ে আগেই আপত্তি জানিয়েছিল মস্কোয় বাংলাদেশ দূতাবাস। গত ২৫ মে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে দূতাবাসের শ্রম উইং জানায়, জাবালে নূর নামের একটি রিক্রুটিং এজেন্সি ৭০ জন কর্মী পাঠানোর অনুমতি চাইলেও দূতাবাস তাদের সত্যায়ন করেনি। আর এস ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রথমে ১০ জন কর্মী পাঠানোর পরিকল্পনা থাকলেও সন্দেহ দেখা দেওয়ায় সেটিও স্থগিত করা হয়।
পরে ১৮ মে এক কর্মীর পরিবার দূতাবাসকে জানায়, জাবালে নূর ও আর এস ইন্টারন্যাশনালের মাধ্যমে ৩০ জন বাংলাদেশি রাশিয়ায় গেছেন এবং তাঁদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। দূতাবাসের চিঠিতে বলা হয়, প্রয়োজনীয় সত্যায়ন না পাওয়ায় কর্মীদের টিএস ওভারসিজের নামে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পাশাপাশি নিয়োগপত্র অনুযায়ী তাঁদের কাজে ফিরিয়ে আনার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত চার থেকে পাঁচ মাসে যুদ্ধক্ষেত্রে নিখোঁজ ও নিহত বাংলাদেশিদের বিষয়ে রাশিয়ার সরকার দূতাবাসকে তথ্য দিচ্ছে। এখন পর্যন্ত ৪০ জনের বিষয়ে তথ্য জানানো হয়েছে। তবে তাঁদের মধ্যে কতজন নিহত এবং কতজন নিখোঁজ, তা পৃথকভাবে উল্লেখ করা হয়নি। সর্বশেষ আরও ২০ জনের মৃত্যুর বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র জানায়, যুদ্ধে কেউ মারা গেলে কিংবা ছয় মাসের বেশি সময় নিখোঁজ থাকলে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ রয়েছে। তবে রাশিয়া থেকে ক্ষতিপূরণ পেতে উত্তরাধিকার নিশ্চিত করা এবং উত্তরাধিকারীদের দেশটিতে গিয়ে অন্তত ছয় মাস থাকার মতো জটিল শর্ত পূরণ করতে হয়। অন্যদিকে নিহতদের মরদেহ উদ্ধার বা দেশে ফিরিয়ে আনার বিষয়টিও অনিশ্চিত। এসব বিষয়ে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, ৯০ শতাংশের বেশি কর্মী নিজের ইচ্ছায় যুদ্ধে যোগ দেন। সর্বশেষ ৩০ জনের ক্ষেত্রেও রাশিয়া জানিয়েছে, তাঁরা স্বেচ্ছায় যুদ্ধে গিয়েছিলেন। এ বিষয়ে লিখিত প্রমাণ দেশটির কর্তৃপক্ষের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। রাষ্ট্রদূত আরও বলেন, রাশিয়ার কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর না করায় সেগুলো বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না।